Apan Desh | আপন দেশ

পানামাকে হারিয়ে নকআউটের আশায় ক্রোয়েশিয়া

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:০০, ২৪ জুন ২০২৬

পানামাকে হারিয়ে নকআউটের আশায় ক্রোয়েশিয়া

ছবি সংগৃহীত

প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হারায় দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিলনা ক্রোয়েশিয়ার সামনে। অবশেষে স্বস্তির জয়ে চলমান বিশ্বকাপের নকআউটে খেলার আশা বাঁচিয়ে রাখলো ক্রোয়াটরা। বাংলাদেশ সময় বুধবার (২৪ জুন) সকালে কানাডার টরন্টো স্টেডিয়ামে আন্তে বুদিমির একমাত্র গোলে পানামাকে ১-০ গোলে হারিয়েছে ২০১৮ সালের রানার্সআপরা।

এ জয়ে দুই ম্যাচে এক জয়, এক হারে ৩ পয়েন্ট নিয়ে ‘এল’ গ্রুপে তিন নম্বরে আছে ক্রোয়েশিয়া। অপরদিকে দুই ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়ে গেল পানামার। ৪ পয়েন্ট করে নিয়ে ঘানা দুইয়ে, ইংল্যান্ড শীর্ষে আছে।

প্রতি গ্রুপের শীর্ষ দুই দল ও তৃতীয় হওয়া সেরা আটটি দল পাবে নকআউটের টিকেট। ক্রোয়েশিয়ার সম্ভাবনা টিকে থাকল ভালোভাবেই।

ইংল্যান্ডের বিপক্ষে ৪-২ গোলে হেরে অভিযান শুরু করেছিল ক্রোয়েশিয়া। ৯৫ মিনিটের গোলে ঘানার বিপক্ষে হেরেছিল পানামা। এ দিন ক্রোয়েশিয়ার হয়ে ২০০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন ৪০ বছর বয়সী অধিনায়ক লুকা মদ্রিচ।

ক্রোয়েশিয়ার চেয়ে বল দখলে পিছিয়ে থাকলেও, শুরুতে সুযোগ বেশি তৈরি করে পানামা। ২৩তম মিনিটে এগিয়েও যেতে পারত তারা। গোলরক্ষক দমিনিক লিভাকোভিচের দৃঢ়তায় রক্ষা পায় ক্রোয়েশিয়া। ডানদিকের বাইলাইনের কাছ থেকে আমির মুরিয়োর ক্রসে বক্সে জোরাল হেড করেন হোসে লুইস রদ্রিগেস। লিভাকোভিচের হাত ছুঁয়ে ক্রসবারে লাগে বল।

আরও পড়ুন<<>>হ্যারি কেইনের ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

প্রথমার্ধে একবারই গোল পাওয়ার খুব কাছাকাছি যেতে পারে ক্রোয়েশিয়া। যোগ করা সময়ে ২৫ গজ দূর থেকে মার্তিন বাতুরিনার নিচু শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন পানামা গোলরক্ষক। প্রথমার্ধে গোলের জন্য দুটি শট নিয়ে এ একটিই লক্ষ্যে রাখতে পারে ক্রোয়াটরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে পেটার মুসার জায়গায় আন্তে বুদিমিরকে নামান ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো দালিচ। দারুণ কাজে লাগে সে সিদ্ধান্ত। ৫৪তম মিনিটে দলকে এগিয়ে নেন বুদিমির। ডান দিক থেকে ইয়োসিপ স্তানিসিচের ক্রসে দূরের পোস্টে পা ছুঁয়ে বল জালে পাঠান তিনি।

৬৮তম মিনিটে লিভাকোভিচের অসাধারণ দৃঢ়তায় আবার রক্ষা পায় ক্রোয়েশিয়া। মুরিয়োর পরপর দুটি শট ঠেকান তিনি। সেখান থেকে পানামার পাওয়া কর্নারে কার্লোস হার্ভির হেডে বল একহাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠান ৩১ বছর বয়সী গোলরক্ষক। বাকি সময়ে সুযোগ আসে দুই পাশেই, কিন্তু কাজে লাগাতে পারেনি কেউ।

শেষ রাউন্ডে বাংলাদেশ সময় আগামী শনিবার (২৭ জুন) রাতে ঘানার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। একই সময়ে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পানামা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়