ছবি সংগৃহীত
ফিফা বিশ্বকাপের আর এক সপ্তাহও বাকি নেই। ১১ জুন পর্দা উঠছে বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্ব প্রমাণের আসরের। ইতিমধ্যেই বিশ্বকাপের দেশে পা রাখতে শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলো। প্রস্তুতির মধ্যে অনেক দলে তারকা খেলোয়াড়দের নিয়ে রয়েছে দুশ্চিন্তা। স্পেন জানিয়েছে প্রস্তুতি ম্যাচে তারা লামিনে ইয়ামালকে পাচ্ছে না।
তবে স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছেন, বিশ্বকাপের প্রথম ম্যাচে তরুণ তারকাকে পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। স্থানীয় সময় বুধবার (০৩ জুন) তিনি বলেছেন, বৃহস্পতিবার ইরাকের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলবেন না ইয়ামাল।
স্প্যানিশ কোচ বলেন, আগামী ১৫ জুন আটলান্টায় কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনা রয়েছে। সেখানেও রয়েছে যদি কিন্তু, কোনও পরিবর্তন না হলে ১৫ জুনের ম্যাচের জন্য সে প্রস্তুত থাকতে পারে। তবে এর মানে এ নয় যে সে নিশ্চিতভাবেই খেলবে। পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেয়া হবে। হয়তো কয়েক মিনিট খেলবে, হয়তো শুধু অনুশীলন করবে, যাতে দ্বিতীয় ম্যাচের আগে নিজের ফিটনেস আরও ভালো করতে পারে। বিষয়টি আমাদের মূল্যায়ন করতে হবে।
গত ২২ এপ্রিল স্প্যানিশ লিগে বার্সেলোনার হয়ে খেলতে গিয়ে পেনাল্টি নেয়ার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান ইয়ামাল। চলতি সপ্তাহে তিনি জানান, বিশ্বকাপ মিস করার আশঙ্কায় তিনি ভীত ছিলেন এবং সময়মতো সুস্থ হয়ে টুর্নামেন্টে খেলতে পারার জন্য প্রার্থনাও করেছেন।
আরও পড়ুন<<>>এখনও যুক্তরাষ্ট্র-মেক্সিকোর ভিসা পায়নি ইরান
১৮ বছর বয়সী এ তারকাকে সামনে রেখেই দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে স্পেন। দে লা ফুয়েন্তে আরও জানান, চোটের কারণে স্কোয়াডের আরও দুই ফুটবলার নিকো উইলিয়ামস ও ভিক্টর মুনিওজও বুধবারের ম্যাচে খেলবেন না। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে অংশ নেয়া খেলোয়াড়দেরও বিশ্রামে রাখা হবে।
স্পেনের শেষ প্রস্তুতি ম্যাচ আগামী সোমবার মেক্সিকোয় পেরুর বিপক্ষে। তবে ওই ম্যাচে কারা খেলবেন, সে বিষয়ে কিছু জানাননি স্প্যানিশ কোচ।
গ্রুপ ‘এইচ’-এ কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন। এরপর ২১ জুন আটলান্টায় সৌদি আরব এবং ২৬ জুন গুয়াদালাহারায় উরুগুয়ের মুখোমুখি হবে তারা।
২০১০ সালে নিজেদের একমাত্র বিশ্বকাপ শিরোপা জয়ের পর আর কখনও শেষ ষোলোর গণ্ডি পেরোতে পারেনি স্পেন। দে লা ফুয়েন্তে এ প্রসঙ্গে বলেছেন, টুর্নামেন্ট শুরু হওয়ার অপেক্ষায় আমরা সবাই রোমাঞ্চিত। সেখানে ভালো কিছু করার লক্ষ্য নিয়েই মাঠে নামবো।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































