ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছেন তরুণ স্প্রিন্টার গাউট গাউট। রোববার (১২ এপ্রিল) অনুষ্ঠিত ২০০ মিটার ফাইনালে তিনি দৌড় শেষ করেন মাত্র ১৯.৬৭ সেকেন্ডে। এ অসাধারণ সময়ের মাধ্যমে তিনি শুধু স্বর্ণপদকই জিতেননি, ভেঙে দিয়েছেন কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্টের অনূর্ধ্ব–২৩ বয়সের রেকর্ডও।
মাত্র ১৮ বছর বয়সী এ অ্যাথলেটের গতির সামনে ম্লান হয়ে যায় বোল্টের আগের ১৯.৯৩ সেকেন্ডের রেকর্ড। দক্ষিণ সুদান বংশোদ্ভূত এ অস্ট্রেলিয়ান স্প্রিন্টার এখন অ্যাথলেটিক্স দুনিয়ার নতুন আলোচনার কেন্দ্রবিন্দু।
ফক্স স্পোর্টস জানিয়েছে, গাউটের ১৯.৬৭ সেকেন্ড অস্ট্রেলিয়ার জাতীয় রেকর্ড। একই সঙ্গে এটি অনূর্ধ্ব–২০ বয়সীদের মধ্যে দ্বিতীয় দ্রুততম টাইমিং। এ বয়স গ্রুপে সবচেয়ে দ্রুততম রেকর্ডটি যুক্তরাষ্ট্রের এরিয়ন নাইটনের, যিনি ২০২২ সালে ১৯.৪৯ সেকেন্ড সময় করেছিলেন।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে জন্ম নেয়া গাউট গত বছর বাতাসের সহায়তায় ১৯.৮৪ সেকেন্ডে দৌড় শেষ করেছিলেন। তবে এবার কোনো বাতাসের সুবিধা ছাড়াই তিনি নিজের আগের সেরা সময় ভেঙে দেন।
ফাইনালে শুরুতে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও শেষ মুহূর্তে গাউট দারুণভাবে এগিয়ে যান। দ্বিতীয় হন এইডান মারফি, সময় ১৯.৮৮ সেকেন্ড। তৃতীয় হন ক্যালাব ল, সময় ২০.২১ সেকেন্ড।
রেকর্ড গড়ার পর গাউট বলেন, এ সময়ের মতো পারফরম্যান্স করার সক্ষমতা তার আছে—এটি বুঝতে পারায় মানসিক চাপ অনেকটা কমে গেছে। এটি তার জন্য দারুণ এক অনুভূতি এবং তিনি আরও ভালো করার জন্য প্রস্তুত।
আরও পড়ুন <<>> পিসিবির অনুরোধ সাড়া দিল বিসিবি
গত দুই মৌসুমে অস্ট্রেলিয়ার সবচেয়ে আলোচিত তরুণ অ্যাথলেটদের একজন গাউট গাউট। জুনিয়র থেকে জাতীয় পর্যায় পর্যন্ত প্রতিটি ধাপেই তিনি নজর কাড়ছেন। বিশেষ করে রেসের শেষ অংশে তার শক্তিশালী ফিনিশিং তার বড় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
২০০ মিটার দৌড়ে বাঁক ঘোরার সময় ভারসাম্য এবং শেষ ধাপে গতি ধরে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ দুটি ক্ষেত্রেই গাউটের দক্ষতা তাকে আলাদা করে তুলেছে।
তার নাম নিয়েও রয়েছে অদ্ভুত ইতিহাস। জন্মনথিতে ভুলভাবে ‘Gout’ লেখা হলেও তার প্রকৃত নামের উচ্চারণ ‘গুওট’। তবে এ ভুল বানানই এখন বিশ্বজুড়ে তার পরিচয়ের অংশ হয়ে গেছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































