ছবি: সংগৃহীত
প্রেসিডেনশিয়াল নির্বাচনে হোয়ান লাপোর্তা বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি ২০৩১ সাল পর্যন্ত বার্সেলোনার সভাপতি হিসেবে দায়িত্বে থাকবেন। পুনর্নির্বাচনের পরই তিনি ক্লাব কিংবদন্তি লিওনেল মেসিকে বার্তা দিয়েছেন, আটবারের ব্যালন ডি’অর জয়ী এ তারকার জন্য স্পটিফাই ক্যাম্প ন্যু-এর দরজা সবসময় খোলা থাকবে।
লাপোর্তা ৪৮ হাজার ৪৮০ ভোটের মধ্যে ৬৮.১৮ শতাংশ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী ভিক্তর ফন্তককে পরাজিত করেন। জয়ের মাধ্যমে তিনি ক্লাবের স্টেডিয়াম পুনর্গঠন এবং আর্থিক পুনরুদ্ধারের কাজ এগিয়ে নেয়ার শক্তিশালী ম্যান্ডেট পান।
মেসির সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে লাপোর্তা বলেন, লিও যেভাবে চাইবে, সেভাবেই বার্সেলোনার সঙ্গে যুক্ত থাকবে। সে একটি শ্রদ্ধাজ্ঞাপনসূচক ম্যাচ এবং ভাষ্কর্যের যোগ্য। স্টেডিয়ামে শুধু লাদিস্লাও কুবালা এবং ইয়োহান ক্রুইফর ভাষ্কর্য রয়েছে, মেসির জন্যও তা হওয়া উচিত। বার্সার দরজা তার জন্য সবসময় খোলা।
আরও পড়ুন <<>> মোস্তাফিজকে নিয়ে শঙ্কা নেই
নির্বাচনী প্রচারণার সময় সাবেক কোচ শাভি এর্নান্দেজ লাপোর্তাকে ‘মিথ্যাবাদী’ বলে অভিহিত করেন এবং দাবি করেন, ২০২৩ সালে মেসির প্রত্যাবর্তন তিনি বাধাগ্রস্ত করেছিলেন। তবে লাপোর্তা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, মেসির ইন্টার মায়ামিতে যোগ দেয়ার সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ ব্যক্তিগত।
লাপোর্তা সমর্থকদের প্রতিশ্রুতি দিয়ে বলেন, ক্লাবের কঠিন সময় শেষ হতে চলেছে। লা লিগাতে দল ভালো করছে এবং আমার মেয়াদকালে স্টেডিয়ামের কাজ সম্পূর্ণ হবে। আমরা শিরোপা জিততে চাই, সুন্দর ফুটবল খেলতে চাই, এবং ক্লাবের আর্থিক ভবিষ্যৎ নিশ্চিত করতে চাই। আমাদের জীবনের সেরা সময় সামনে অপেক্ষা করছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































