Apan Desh | আপন দেশ

আইপিএল থেকে মোস্তাফিজ বাদ, আসিফ নজরুলের কড়া বার্তা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১০:০১, ৪ জানুয়ারি ২০২৬

আপডেট: ১০:০৩, ৪ জানুয়ারি ২০২৬

আইপিএল থেকে মোস্তাফিজ বাদ, আসিফ নজরুলের কড়া বার্তা

ফাইল ছবি

৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে নিলাম থেকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সে অনুযায়ী এ কাটার মাস্টারকে নো অবজেকশন সনদ (এনওসি) দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু এবার আইপিএলে খেলা হচ্ছে এ টাইগার পেসারের। উগ্র হিন্দু মৌলবাদীদের হুমকির মুখে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশে ফিজকে বাদ দিয়েছে কলকাতা।

এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার (০৩ জানুয়ারি) রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বার্তা দিয়েছেন তিনি।

বার্তায় প্রফেসর আসিফ নজরুল লিখেছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি শিকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে।

আরও পড়ুন<<>>অবশেষে মোস্তাফিজকে ছেড়েই দিল কলকাতা

তিনি আরও লিখেন, বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারেনা। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলংকায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি। আমি তথ্য এবং সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি বাংলাদেশ আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেয়া হয়!

সবশেষে ক্রীড়া উপদেষ্টা লেখেন, আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, আমাদের ক্রিকেটার এবং বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ।

এদিকে, ভারতকে ঘিরে তৈরি হওয়া সাম্প্রতিক পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেটে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)–এর কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ আগামী মাসেই শুরু হচ্ছে, যেখানে ভারত ও শ্রীলঙ্কা যৌথ আয়োজক। সূচি অনুযায়ী বাংলাদেশের গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে তিনটি কলকাতায় এবং একটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার ঘটনার পর দুই দেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: