ছবি: সংগৃহীত
বাংলাদেশে প্রথম অল-ইন-ওয়ান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্ল্যাটফর্ম ‘রবি এআই স্পেস’ চালু করেছে রবি আজিয়াটা পিএলসি। ‘এভরি এআই’ প্ল্যাটফর্মের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে চালু হওয়া এ সেবা মাই রবি অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যাবে।
রবি জানিয়েছে, নতুন প্ল্যাটফর্মে স্থানীয় গ্রাহকদের জন্য একাধিক আন্তর্জাতিক এআই মডেল ব্যবহারের সুযোগ থাকছে। এর মধ্যে রয়েছে চ্যাটজিপিটি, জেমিনি, ক্লড ও ডিপসিকের মতো জনপ্রিয় এআই মডেল। গ্রাহকেরা একটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন বা নির্দিষ্ট এআই বান্ডেল কিনে এসব সেবা ব্যবহার করতে পারবেন।
রবির তথ্য অনুযায়ী, বাংলাদেশে ক্রেডিট কার্ড ব্যবহারের হার কম হওয়ায় আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে অনেক ব্যবহারকারী এতদিন বিভিন্ন বৈশ্বিক ডিজিটাল সেবা ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। ‘রবি এআই স্পেস’ সেই বাধা দূর করার উদ্যোগ হিসেবে চালু করা হয়েছে। এখন গ্রাহকেরা মোবাইল ডাটা বান্ডেল কিনে এআই মডেল ব্যবহার অথবা এআই টোকেন সংগ্রহ করতে পারবেন।
শিক্ষার্থী, ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের কথা বিবেচনায় রেখে প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে রবি। গবেষণা, লেখালেখি, ব্যবসায়িক পরিকল্পনা ও দৈনন্দিন কাজকে আরও সহজ ও কার্যকর করতে বিভিন্ন এআইভিত্তিক টুল ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকেরা।
এভরি এআই অ্যাপের ভেতরেই লাইভ টোকেন ব্যালান্স দেখা যাবে। ফলে একাধিক আন্তর্জাতিক সাবস্ক্রিপশন রাখা বা আলাদা পেমেন্ট অ্যাকাউন্ট ব্যবহারের প্রয়োজন হবে না।
রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, ক্রেডিট কার্ড ব্যবহারের কম হার বৈশ্বিক ডিজিটাল টুলে প্রবেশের ক্ষেত্রে দীর্ঘদিনের একটি বড় বাধা ছিল। মাই রবি অ্যাপে অল-ইন-ওয়ান এআই প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে সেই প্রতিবন্ধকতা দূর করা হচ্ছে। উন্নত ডিজিটাল প্রযুক্তি সবার কাছে পৌঁছে দেওয়া এবং তরুণ সমাজ ও সাধারণ মানুষকে স্থানীয় মোবাইল সংযোগের মাধ্যমে বিশ্বমানের এআই সক্ষমতা ব্যবহারের সুযোগ দেওয়ার ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ।
মাই রবি অ্যাপের ‘রবি এআই স্পেস’ সেকশনের মাধ্যমে সব রবি গ্রাহক এ সেবা ব্যবহার করতে পারবেন। -বিজ্ঞপ্তি
আপনদেশ/মিম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































