ছবি : সংগৃহীত
বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে জনপ্রিয় ক্লাউড স্টোরেজ সেবা ড্রপবক্স। এ ঘটনায় প্রায় ৫ হাজার অ্যাকাউন্ট ঝুঁকিতে পড়েছে বলে জানা গেছে। হামলার ঘটনায় ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
নিজের গুরুত্বপূর্ণ ফাইলগুলো নিরাপদ ভেবে ক্লাউডে রেখে নিশ্চিন্তে আছেন। অথচ অজান্তেই সেই অ্যাকাউন্টে ঢুকে পড়েছে হ্যাকার, দেখে ফেলেছে আপনার সংরক্ষিত তথ্য, এমনকি কিছু ফাইল ডাউনলোডও করে নিয়েছে। ড্রপবক্সের প্রায় ৫ হাজার ব্যবহারকারীর ক্ষেত্রে গত আগস্টে ঠিক এমন ঘটনাই ঘটেছে।
ক্লাউড স্টোরেজ সেবাদাতা ড্রপবক্স জানিয়েছে, ৪ থেকে ২১ আগস্টের মধ্যে প্রায় ৫ হাজার অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটে। এসব অ্যাকাউন্টের কিছু কনটেন্ট হ্যাকাররা দেখেছে ও ডাউনলোড করেছে।
সোমবার (৩১ আগস্ট) কিছু ব্যবহারকারী ড্রপবক্সের কাছ থেকে ই-মেইলে জানতে পারেন, তাদের অ্যাকাউন্টে অননুমোদিতভাবে প্রবেশ করা হয়েছিল। পরে ব্লুমবার্গ নিউজ বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করলে ড্রপবক্সও হ্যাকের ঘটনা নিশ্চিত করে।
প্রতিষ্ঠানটি বলেছে, আক্রান্ত অ্যাকাউন্টগুলোর এক-তৃতীয়াংশেরও কম অ্যাকাউন্টে থাকা ফাইল হ্যাকাররা দেখতে পেরেছে।
ড্রপবক্স জানিয়েছে, অননুমোদিত প্রবেশের সঙ্গে এমন কিছু অ্যাকাউন্টের যোগসূত্র পাওয়া গেছে, যেগুলো লেনোভো আইডির মাধ্যমে ড্রপবক্সের সঙ্গে যুক্ত ছিল এবং সেখানে দ্বি-স্তরীয় যাচাইকরণ চালু ছিল না।
রয়টার্সের প্রতিবেদন সূত্রে জানা গেছে, বিষয়টি শনাক্ত হওয়ার পর লেনোভো আইডির মাধ্যমে অনুমোদিত সব সেশন বন্ধ করে দেয় ড্রপবক্স। একই সঙ্গে লেনোভো আইডি ও ড্রপবক্স অ্যাকাউন্টের মধ্যকার সংযোগ সরিয়ে দেওয়া হয়েছে।
এখন লেনোভোর মাধ্যমে ড্রপবক্স অ্যাকাউন্টে প্রবেশের ক্ষেত্রে ব্যবহারকারীকে আগে ড্রপবক্সের পাসওয়ার্ড দিতে হবে। নিরাপত্তা জোরদার করতে নিজেদের সিস্টেমেও প্রয়োজনীয় পরিবর্তন এনেছে প্রতিষ্ঠানটি।
লেনোভো জানিয়েছে, তাদের লেনোভো আইডি ও ড্রপবক্সের মধ্যে একটি পুরোনো প্রযুক্তিগত সংযোগ ছিল। এই ‘পুরোনো সংযোগ’ ব্যবহার করে কিছু ড্রপবক্স অ্যাকাউন্টে অনুপযুক্তভাবে প্রবেশ করা সম্ভব হতে পারে।
তবে লেনোভোর দাবি, তাদের নিজস্ব গ্রাহকদের ওপর এই ঘটনার কোনো প্রভাব পড়েনি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
ড্রপবক্স জানিয়েছে, সাইবার হামলার ঘটনাটি সংশ্লিষ্ট তথ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থাগুলোকে জানানো হয়েছে।
এদিকে হ্যাকের খবর প্রকাশের পর মঙ্গলবার দিনের লেনদেন শেষে ড্রপবক্সের শেয়ারের দাম প্রায় ২ দশমিক ৪ শতাংশ কমে যায়।
উল্লেখ্য, ড্রপবক্স একটি ক্লাউড স্টোরেজ ও ফাইল শেয়ারিং সেবা। অর্থাৎ কম্পিউটার বা মোবাইলের হার্ডড্রাইভে ফাইল রাখার বদলে ইন্টারনেটের মাধ্যমে ড্রপবক্সের সার্ভারে ফাইল সংরক্ষণ করা যায়। পরে একই অ্যাকাউন্ট ব্যবহার করে ফোন, কম্পিউটার বা ট্যাব-যেকোনো ডিভাইস থেকে সেগুলো দেখা ও ব্যবহার করা যায়।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































