ছবি: সংগৃহীত
প্রায় ৫০ বছর পর আবার মানুষকে চাঁদের পথে পাঠানোর প্রস্তুতি নিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মানব মহাকাশ অভিযানের নতুন অধ্যায় হিসেবে আর্টেমিস–২ মিশনের সম্ভাব্য সময়সূচিও ঘোষণা করেছে সংস্থাটি।
নাসা জানিয়েছে, আগামী ৬ মার্চ রকেট উৎক্ষেপণের মাধ্যমে মিশনটি শুরু হতে পারে। তবে চূড়ান্ত প্রস্তুতির অগ্রগতির ওপর নির্ভর করে উৎক্ষেপণের তারিখ পরিবর্তিত হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা।
এ অভিযানে মহাকাশযান চাঁদের মাটিতে অবতরণ করবে না। বরং চাঁদের কক্ষপথ ঘুরে বিভিন্ন তথ্য সংগ্রহ করবে। ফলে অভিযানে অংশ নেয়া নভোচারীরা চাঁদকে খুব কাছ থেকে পর্যবেক্ষণের সুযোগ পাবেন।
মিশনের প্রস্তুতির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ‘ওয়েট ড্রেস রিহার্সাল’ সম্পন্ন করেছে নাসা। এতে বিশাল স্পেস লঞ্চ সিস্টেম রকেটে পূর্ণমাত্রায় জ্বালানি ভরে উৎক্ষেপণের মহড়া চালানো হয়। উৎক্ষেপণের আগে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হয়।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান জানান, চলতি মাসের প্রথম কাউন্টডাউন মহড়ায় হাইড্রোজেন লিকের যে সমস্যা দেখা দিয়েছিল, দ্বিতীয় পরীক্ষায় তা সফলভাবে কাটিয়ে ওঠা গেছে। বৃহস্পতিবার রাতে সম্পন্ন হওয়া পরীক্ষায় বড় কোনো জ্বালানি লিক শনাক্ত হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি উল্লেখ করেন, এ পরীক্ষা চাঁদের পরিবেশে যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তনের পথে বড় অগ্রগতি। উৎক্ষেপণ সফল হলে শুরু হবে প্রায় ১০ দিনের মহাকাশযাত্রা। এ সময় নভোচারীরা প্রথমে পৃথিবীকে প্রদক্ষিণ করবেন এবং পরে চাঁদের চারপাশে ফিগার-এইট আকৃতির পথে উড়াল দেবেন।
আরও পড়ুন <<>> যেভাবে বাড়াবেন স্মার্টফোনের গতি
নাসা জানিয়েছে, প্রকৌশলীরা রকেটে ৭ লাখ গ্যালনের বেশি তরল জ্বালানি ভরেছেন। উৎক্ষেপণপ্যাডে ক্লোজআউট দল পাঠিয়ে ওরিয়ন মহাকাশযানের হ্যাচ বন্ধের মহড়াও সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি উৎক্ষেপণের শেষ ধাপ ‘টার্মিনাল কাউন্ট’ দুইবার সফলভাবে সম্পন্ন হয়েছে। কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কন্ট্রোল সেন্টার থেকে মিশনের নভোচারীরাও পরীক্ষার একটি অংশ পর্যবেক্ষণ করেন।
এ অভিযানে অংশ নেয়া নভোচারীরা পৃথিবী থেকে মানুষের ইতিহাসে সবচেয়ে দূরে ভ্রমণের রেকর্ড গড়তে পারেন। এটি হবে স্পেস লঞ্চ সিস্টেম রকেট ও ওরিয়ন ক্যাপসুলের প্রথম মানববাহী উড্ডয়ন।
মিশনে অংশ নিচ্ছেন চার নভোচারী— রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন। ১৯৭২ সালে অ্যাপোলো–১৭ মিশনের পর এ প্রথম মানুষ আবার চাঁদের কাছাকাছি পৌঁছাবে বলে জানিয়েছে নাসা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































