ছবি: আপন দেশ
সিলেট রেঞ্জের বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন হবিগঞ্জের বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার। বিবিয়ানা গ্যাস ফিল্ডের লুণ্ঠিত আমদানিকৃত গ্যাস উত্তোলনের সরঞ্জাম উদ্ধারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি এ পুরস্কারে ভূষিত হোন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সিলেট রেঞ্জের অক্টোবর ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ০১ অক্টোবর দিবাগত রাতে বাহুবল উপজেলার দৌলতপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে চালকের হাত-মুখ বেঁধে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের গ্যাস ফিল্ডের যন্ত্রাংশসহ একটি কাভার্ডভ্যান ছিনতাই করে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাহুবল থানা পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে লুণ্ঠিত বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করে। চাঞ্চল্যকর এ ঘটনায় দ্রুত অভিযান পরিচালনা, আসামিদের গ্রেফতার ও গুরুত্বপূর্ণ সরঞ্জাম উদ্ধারে ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদারের ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
মঙ্গলবার সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক।
সভায় অক্টোবর মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি এবং অপরাধ দমনে পুলিশের কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় আইনের শাসন প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন ডিআইজি।
সভায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং হত্যা, ডাকাতি, ধর্ষণ, গণধর্ষণ ও শিশু নির্যাতনের মতো গুরুতর অপরাধে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের ওপর গুরুত্বারোপ করা হয়।
আরও পড়ুন<<>>স্ত্রীসহ সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
এ ছাড়া আসন্ন শীত মৌসুমে সিলেট বিভাগের পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত, দেশে আগত প্রবাসীদের জানমালের সুরক্ষা, বৈধ ইজারাদারদের মাছ আহরণে প্রতিবন্ধকতা দূর এবং সড়ক-মহাসড়কে চাঁদাবাজি, ডাকাতি ও দস্যুতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের পাশাপাশি রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থেকে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
সভায় অপরাধ দমন, চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এবং চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেট রেঞ্জের মোট আটজন পুলিশ সদস্যকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। তাদের মধ্যে একজন বাহুবল থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার।
সভায় সিলেট রেঞ্জের অধীন চার জেলার পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারসমূহের কমান্ড্যান্টসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া জুম প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), কোর্ট পুলিশ পরিদর্শক, ডিআইও-১, সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার, থানার অফিসার ইনচার্জ এবং ফাঁড়ি, ক্যাম্প ও তদন্তকেন্দ্রের ইনচার্জরা সভায় যুক্ত ছিলেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































