ছবি: আপন দেশ
জাতীয় সংসদে পাস হওয়া ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে ‘অপরিকল্পিত, অস্বচ্ছ ও বাস্তবায়ন অযোগ্য বলে আখ্যায়িত করেছে বিরোধী দল। তবে কালো টাকা সাদা করার সুযোগ বাতিলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি সরকার মেনে নেয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বিরোধীদলীয় এমপিরা।
মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে বাজেট পাস হওয়ার পর সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন বিরোধীদলীয় এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান।
গণবিরোধী সিদ্ধান্ত সংশোধন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিরোধী দল হিসেবে আমরা শুরু থেকেই জনগণের স্বার্থে গঠনমূলক ভূমিকা রাখার চেষ্টা করেছি। আমরা বাজেটের বিপক্ষে ভোট দিয়েছি। কারণ এক কথায় বলতে গেলে এ বাজেট অপরিকল্পিত, অস্বচ্ছ এবং বাস্তবায়ন অযোগ্য। তবে আমাদের জোরালো ভূমিকার কারণে সরকার বাজেটের কিছু গণবিরোধী সিদ্ধান্ত সংশোধন করেছে।
সরকার মেনে নেয়া দাবিগুলো উল্লেখ করে তিনি বলেন, মুদি দোকানের ওপর আরোপিত কর প্রত্যাহার করা হয়েছে। আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগও প্রধানমন্ত্রীর নির্দেশে বাদ দেয়া হয়েছে। করমুক্ত আয়সীমা চার লাখ টাকা করা হয়েছে। পাশাপাশি ব্যাংক লুটেরাদের মালিকানা ফিরিয়ে দেওয়ার যে বিধান ছিল, অর্থমন্ত্রী সেটিও বাদ দেওয়ার ঘোষণা দিয়েছেন।’
আরও পড়ুন<<>>জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস
ব্যাংকিং খাতের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাজিবুর রহমান বলেন, অর্থনীতি পুনরুদ্ধারের সবচেয়ে বড় অন্তরায় এখন ব্যাংকিং খাত। সরকার টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে ঋণ দিচ্ছে। ৯০ হাজার কোটি থেকে এক লাখ কোটি টাকা ছাপানো হয়েছে। একটি ব্যাংককেই কয়েক দিনের মধ্যে ৯ হাজার কোটি টাকা দেয়া হয়েছে। এমন পরিস্থিতিতে সরকার কীভাবে ব্যাংক খাত থেকে এক লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেবে, তার কোনও সুস্পষ্ট পরিকল্পনা নেই।
মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রাকেও অবাস্তব বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে তিনি বলেন,টাকা ছাপিয়ে ঋণ দেয়া হচ্ছে। যেখানে বেসরকারি খাত পুরোপুরি ব্যাংকঋণের ওপর নির্ভরশীল, সেখানে মূল্যস্ফীতি কীভাবে ৭ শতাংশে নামবে—এর কোনও গ্রহণযোগ্য ব্যাখ্যা আমরা পাইনি।
তিনি আরও বলেন, বাজেটে ‘জুলাই বিপ্লব’ বা ‘জুলাই চার্টার’ বাস্তবায়নের জন্য কোনও সুনির্দিষ্ট বরাদ্দ রাখা হয়নি। নিহত ও আহতদের জন্য কিছু ভাতা ছাড়া জুলাই চার্টার বাস্তবায়নের কোনও প্রতিফলন বাজেটে নেই। এটি বাজেটের বড় দুর্বলতা বলে তিনি জানান।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































