ছবি: আপন দেশ
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করেছে বিএনপি। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৩টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষাৎকারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রথম দিনে পাঁচটি বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হচ্ছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, শুক্রবার রংপুর, রাজশাহী, বরিশাল, ফরিদপুর ও খুলনা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (১৮ এপ্রিল) চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার বিকেল ৩টায় নেয়া হবে।
রুহুল কবির রিজভী আরও জানান, মনোনয়ন প্রক্রিয়ায় অতীতে নির্যাতনের শিকার, মিথ্যা মামলায় অভিযুক্ত এবং রাজনৈতিকভাবে সক্রিয় নারী নেত্রীদের অগ্রাধিকার দেয়া হবে। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা ও যোগাযোগ দক্ষতাকেও গুরুত্ব দেয়া হবে।
আরও পড়ুন <<>> বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎ শুক্রবার থেকে শুরু
দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের জন্য মোট ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। প্রতিটি ফরমের মূল্য ছিল ২ হাজার টাকা। ফরম জমা দেয়ার সময় প্রত্যেক প্রার্থীকে ৫০ হাজার টাকা জামানত দিতে হয়েছে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল গ্রহণ করা হবে ২৬ এপ্রিল এবং নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেয়া হবে ৩০ এপ্রিল। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।
জাতীয় সংসদের মোট ৩৫০টি আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত রয়েছে ৫০টি আসন। এর মধ্যে বিএনপি জোটের জন্য ৩৬টি, জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন নির্ধারিত রয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































