ছবি : আপন দেশ
উত্তরবঙ্গ যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার।
দলীয় সূত্রে জানা গেছে, লালমনিরহাটে দুই দিনের এক সফরে যোগ দিতে সকালে ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর পৌঁছান আসাদুল হাবিব দুলু।
বিমানবন্দর থেকে নেমে রেস্টরুমে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করার সময় তিনি হঠাৎ মাথা ঘুরে অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিক তাকে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
আব্দুর গফুর সরকার জানান, প্রথমে তাকে দুপুর ১২টা ১০ মিনিটের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেয়া হয়েছিল। কিন্তু শারীরিক অবস্থার আরো অবনতি হওয়ায় নিয়মিত ফ্লাইটে যাওয়া সম্ভব হয়নি। এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়ার সিদ্ধান্ত হয়।
আরও পড়ুন : সংরক্ষিত নারী আসনে কারা প্রার্থী হবেন, জানালেন রিজভী
ইতোমধ্যে ঢাকা থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুরের উদ্দেশে রওনা হয়েছে। সেটি পৌঁছানো মাত্রই মন্ত্রীকে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হবে। বর্তমানে তিনি সিএমএইচ-এ নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































