ছবি: সংগৃহীত
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী পদ ছাড়ছেন জোনায়েদ সাকি। শুক্রবার (০৩ এপ্রিল) সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাচ্চু ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (০৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বিষয়টি আনুষ্ঠানিক ঘোষণা দিতে রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে গণসংহতি আন্দোলন।
শুক্রবার দলীয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান সমন্বয়কারীর দলীয় দায়িত্ব বিষয়ে অবহিত করতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি নিজে উপস্থিত থাকবেন। এছাড়া দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আব্দুর রশিদ নীলু, মনির উদ্দীন পাপ্পু, ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার, হাসান মারুফ রুমীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৩ নভেম্বর ঢাকার সাভারে অনুষ্ঠিত দলের ৫ম জাতীয় সম্মেলনে জোনায়েদ সাকি পুনরায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী নির্বাচিত হন। ওই সম্মেলনের সমাপনী অধিবেশনে ৫৫ সদস্যের নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়।
আরও পড়ুন <<>> ওয়াদা ভঙ্গ করেছে সরকার: জামায়াত আমীর
২৯ আগস্ট ২০০২ সালে ‘জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহবান’ নিয়ে যাত্রা শুরু করে গণসংহতি আন্দোলন। দীর্ঘ আইনি ও সাংগঠনিক প্রক্রিয়া শেষে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের নিবন্ধন পায় দলটি।
জোনায়েদ সাকি চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের শরিক হিসেবে দলের প্রতীক মাথাল নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারে গণসংহতির আন্দোলনের এ নেতাকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। পরে অর্থ মন্ত্রণালয় থেকে সরিয়ে শুধু পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্বে রাখা হয় তাকে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































