Apan Desh | আপন দেশ

রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:১২, ১৯ মার্চ ২০২৬

রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন

ছবি : আপন দেশ

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই স্থানে মন্ত্রিপরিষদের সদস্য, প্রধান বিচারপতি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও ঈদের নামাজে অংশ নেবেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম এ তথ্য জানিয়েছেন।

ঈদের নামাজ শেষে সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকারি বাসভবন যমুনায় কূটনীতিক, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, আলেম-ওলামা, শিল্পী-সাহিত্যিক এবং সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

পরে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী

দলটির আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তার নির্বাচনী এলাকা ঢাকা-১৫-এ স্থানীয় মানুষের সঙ্গে ঈদের নামাজ আদায় করবেন। নামাজ শেষে তিনি সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এ ছাড়া দলের কেন্দ্রীয় নেতারা কেউ ঢাকায়, আবার কেউ নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করবেন।

ঈদের দিন বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের সঙ্গে এবং বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত মিন্টো রোডের সরকারি বাসভবনে রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন জামায়াত আমীর।

দলের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম ও ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ঢাকায়, অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহীর গোদাগাড়িতে নিজ গ্রামে, মাওলানা শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়ায় নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করবেন।

সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনার খানজাহান আলী এলাকায়, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম কুমিল্লার লাকসামে, রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবং অন্যান্য কেন্দ্রীয় নেতারাও নিজ নিজ এলাকায় ঈদের নামাজে অংশ নেবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ

দলটির আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বরিশালের ঐতিহ্যবাহী চরমোনাই মাদ্রাসা মসজিদে ঈদের নামাজের ইমামতি করবেন। একই স্থানে সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমও নামাজ আদায় করবেন। সকাল ৮টায় অনুষ্ঠিত এই জামাত বরিশালের অন্যতম বৃহৎ ঈদ জামাত হিসেবে পরিচিত।

দলের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ কদমতলীর জামেয়া ইউনুসিয়া মাদ্রাসায়, যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ভাটারার সাঈদনগর মাদ্রাসায় এবং সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক খিলগাঁওয়ের বাইতুল ইবাদাত জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন।

খেলাফত মজলিস

খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ হবিগঞ্জের বানিয়াচংয়ের এড়ালিয়া ঈদগাহ মাঠে ঈদের নামাজের ইমামতি করবেন। মহাসচিব ড. আহমদ আবদুল কাদের রাজধানীর পশ্চিম আগারগাঁও ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন।

আরও পড়ুন : ২১ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

দলের নায়েবে আমীরদের মধ্যে মাওলানা সাখাওয়াত হোসাইন খুলনায়, মাওলানা আহমদ আলী কাসেমী রাজধানীর হাজারীবাগে, হাফেজ মাওলানা মজদুদ্দিন আহমদ সিলেটে এবং অধ্যাপক সিরাজুল হক কুষ্টিয়ায় ঈদের নামাজ আদায় করবেন। এছাড়া অন্য নেতারাও নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করবেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়