ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে কোনো রক্তক্ষরণ হয়নি। তবে তার শরীরে সংক্রমণ ধরা পড়েছে। সফল অস্ত্রোপচারের পর তাকে বর্তমানে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। দেশে প্রয়োজনীয় সহায়তা ব্যবস্থা পর্যাপ্ত না থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার প্রস্তুতি চলছে।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার গণমাধ্যমকে তার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে এ তথ্য জানান।
ডা. শাহাবুদ্দিন তালুকদার বলেন, মির্জা আব্বাসের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে তার শরীরে সংক্রমণ রয়েছে। এ মুহূর্তে তাকে বিদেশে নেয়া যাবে কি না, তা তার শারীরিক অবস্থার উন্নতির ওপর নির্ভর করছে।
আরও পড়ুন <<>> পরাজিত শক্তিরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ
বিএনপির গণমাধ্যম শাখা সূত্রে জানা গেছে, মির্জা আব্বাসের সিটি স্ক্যানের ফলাফল সন্তোষজনক। তবে তাকে বর্তমানে যে বিশেষায়িত সহায়তা ও নিবিড় পর্যবেক্ষণে রাখা প্রয়োজন, সে সুবিধা দেশে পর্যাপ্ত নেই। এ কারণে দ্রুত তাকে বিদেশে পাঠানোর চেষ্টা করছে তার পরিবার ও দল।
এর আগে গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে তাকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তিনি অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে মির্জা আব্বাসের সুস্থতা কামনায় তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































