ফাইল ছবি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ২০৯টি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। জোটগতভাবে তাদের আসন সংখ্যা দাঁড়িয়েছে ২১২টিতে। প্রায় দুই যুগ পর দলটি রাষ্ট্র ক্ষমতায় ফিরলেও কাঁটা হয়ে দাঁড়ায় দলের অভ্যন্তরীণ বিদ্রোহ।
পরিসংখ্যান বলছে, ৭৮টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিল। যার মধ্যে ২১টি আসনে বিদ্রোহীদের কারণেই মূলত জয়বঞ্চিত হয়েছে দলটি।এর মধ্যে দলীয় প্রার্থীরা জিতেছেন ৫০টিতে। আর বিদ্রোহীরা মাত্র সাতটিতে। জামায়াত ও তাদের জোটের প্রার্থীরা জিতেছেন ২১ আসনে।
সিলেট-৫ আসনে বিএনপির প্রার্থী ছিল সর্বশেষ ১৯৯৬ সালে। ২০০১-এ জোটের হয়ে জামায়াত প্রার্থী দেয়। এবারের নির্বাচনে বিএনপির পাশাপাশি বিদ্রোহী প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করেন। জয়ী হয়েছেন জামায়াত জোটের খেলাফত মজলিসের মোহাম্মদ আবুল হাসান। দ্বিতীয় অবস্থানে বিএনপি জোটের জমিয়তে উলামায়ে ইসলামের উবায়দুল্লাহ ফারুক। বিএনপির বিদ্রোহী ছিলেন মামুনুর রশীদ।
নীলফামারী-৪ আসনে জয়ী হয়েছেন জামায়াতের আবদুল মুনতাকিম। ভোট পেয়েছেন এক লাখ ২৪ হাজার ৮৬৫টি। বিএনপি দলীয় আবদুল গফুর সরকারের প্রাপ্ত ভোট সংখ্যা ৮১ হাজার ৫২৬। বিদ্রোহী প্রার্থী ছিলেন রিয়াদ আরফান সরকার।
বিদ্রোহী থাকা ময়মনসিংহ-২ আসনটিও বিএনপি বাংলাদেশ খেলাফত মজলিসের কাছে হারিয়েছে। দলীয় প্রার্থী ছিলেন মোতাহার হোসেন তালুকদার। ১৯৯৬ সালের পর এ আসনে বিএনপি জিতেছিল কেবল ২০০১ সালে।
আলোচিত আসনগুলোর মধ্যে নোয়াখালী-৬-এ জামায়াত জোটের এনসিপির প্রার্থী আবদুল হান্নান মাসউদ জয়ী হয়েছেন। এ ছাড়া পাবনা-৩ ও ৪, রংপুর-৩, গাইবান্ধা-৫, ঝিনাইদহ-৪, যশোর-২ ও ৫, নড়াইল-২, বাগেরহাট-১, ২ ও ৪, সাতক্ষীরা-৩, শেরপুর-১, ঢাকা-১২, মাদারীপুর-১, চট্টগ্রাম-১৬ এবং ময়মনসিংহ-৬-এ জামায়াত বা তাদের জোটের প্রার্থীরা জিতেছেন।
ব্রাহ্মণবাড়িয়া-২, কুমিল্লা-৭ ও কিশোরগঞ্জ-৫ আসনের পাশাপাশি বিএনপির বিদ্রোহী জিতেছেন ময়মনসিংহ-১-এ। জয়ী মোহাম্মদ সালমান ওমর হালুয়াঘাট উপজেলা শাখার বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক। দলীয় প্রার্থী ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ। দুজনই এক লাখের বেশি ভোট পেয়েছেন। ব্যবধান গড়ে দিয়েছে প্রায় সাত হাজার ভোট। এ আসনে বিএনপি সর্বশেষ জয় পেয়েছিল ১৯৯৬ সালে। অন্য আসনগুলোর মধ্যে আছে টাঙ্গাইল-৩, দিনাজপুর-৫ এবং চাঁদপুর-৪।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































