ছবি : আপন দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট। ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট ২১৩ আসনে জয়লাভ করেছে। এর মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পথ সুগম হয়েছে। এর ধারাবাহিকতায় আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে বিএনপি সরকার গঠন করবে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট শাসন ছিল। যখনই গণতন্ত্র চাপা থাকে, তাকে যখন আটকে দেওয়া হয়, তার যখন কণ্ঠ রুদ্ধ করা হয়; তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথা চাড়া দিয়ে ওঠে এবং সেটাই এ দেশে হয়েছে।
এ সময় জামায়াতে ইসলামীকে উগ্রবাদী দল আখ্যা দিয়ে তাদের উত্থানের পেছনে আওয়ামী লীগকে দায়ী করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘আজকে যেটুকু উত্থান হয়েছে জামায়াতে ইসলামীর, সেটা আওয়ামী লীগের কারণে। তাদের দমন-পীড়নমূলক যে শাসন, বিরোধী দলকে ফাংশন করতে না দেওয়া। তাদের ইনোসিয়েট করতে না দেওয়া। তার কারণে এমন হয়েছে।’
আরও পড়ুন : আজই প্রকাশ করা হবে ২৯৭ আসনের গেজেট
তিনি আরও বলেন, ‘এরইমধ্যে জনগণ তাদের রিজেক্ট করেছে। বিএনপি তিন ভাগের ২ ভাগ মেজরিটি পেয়ে গেছে। জনগণ আবারও সুষ্ঠু, সৎ ও কল্যাণমুখি রাজনীতির মধ্যদিয়ে সমস্ত অপপ্রবণতাগুলোকে রুখে দিতে সক্ষম হবে।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































