Apan Desh | আপন দেশ

ঢাকা-১৫ এলাকায় নির্বাচনী বুথে আগুন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:১২, ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:০২, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা-১৫ এলাকায় নির্বাচনী বুথে আগুন

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। এর আগে ঢাকা-১৫ এলাকার নির্বাচনী বুথে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজে এক চাদরমুড়ি দেয়া ব্যক্তির নাশকতার দৃশ্য ধরা পড়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-১৫ আসনের ৪ নম্বর ওয়ার্ডের ১৩ ও ৩ নম্বর রোড এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, ভোর ৪টার কিছু সময় পরেই দুর্বৃত্তরা সেখানে পৌঁছায়। দাহ্য পদার্থ ব্যবহার করে বুথটিতে আগুন দেয়া হয়। ঘটনার পর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। 

ফুটেজে দেখা যায়, ভোর ৪টা ২৬ মিনিটে এক রহস্যময় ব্যক্তি সেখানে আসে। নিজেকে আড়াল করতে তার পুরো শরীরে ছিল একটি চাদর। তিনি অত্যন্ত দ্রুততার সঙ্গে বুথের ভেতরে দাহ্য পদার্থ ছিটিয়ে দেয়। এরপর দেশলাই বা লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পুরো প্রক্রিয়াটি ছিল পরিকল্পিত ও কয়েক সেকেন্ডের মধ্যেই সম্পন্ন হয়।

ঢাকা-১৫ নির্বাচনী এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. মো. শফিকুর রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে মো. শফিকুল ইসলাম খান ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়াও এ আসনটিতে আরও ৬ জন প্রার্থী রয়েছেন।

এদিকে, এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমরা শুরু থেকেই একটি শান্তিপূর্ণ ও সুন্দর নির্বাচন চেয়ে আসছি। কিন্তু একটি চক্র নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। এভাবে বাধা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না। কেউ যদি আবারও এমন নাশকতা করে, তবে জনগণকে সঙ্গে নিয়ে তাদের দাঁতভাঙা জবাব দেয়া হবে।

এ বিষয়ে বিএনপিসহ অন্য প্রার্থীদের প্রতিক্রিয়া জানা যায়নি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়