Apan Desh | আপন দেশ

ক্যাপ্টেন দেশে এলেই খেলা শুরু হবে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৬, ২৬ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ২৩:২৯, ২৬ সেপ্টেম্বর ২০২৩

ক্যাপ্টেন দেশে এলেই খেলা শুরু হবে: ওবায়দুল কাদের

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ক্যাপ্টেন আমেরিকার ওয়াশিংটনে আছেন। আপনারা (বিএনপি) তৈরি হয়ে যান। ক্যাপ্টেন আসবে, খেলা হবে। রাজপথ কে দখল করে দেখা যাবে। লাল সবুজের জাতীয় পতাকা হাতে শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ের মিছিল অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে চলবে।

তিনি বলেন, নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র আর ভয় দেখায় মির্জা ফখরুল। আশ্চর্য, নিষেধাজ্ঞার ভয় আমাদের দেখায় ফখরুল! আমেরিকা কি ভয় দেখানোর এজেন্সি দিয়েছে ফখরুলকে?

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের জিনজিরা পুরাতন বাসরোড এলাকায় জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মার্কিন ভিসানীতি প্রয়োগের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা রক্ত দিয়ে, জীবন দিয়ে মাতৃৃভূমিতে বিজয়ের পতাকা উড়িয়েছি। একাত্তরে নিষেধাজ্ঞা দিয়ে থামাতে পারেনি। আজও নিষেধাজ্ঞা দিয়ে শেখ হাসিনার বাংলাদেশকে থামানো যাবে না। আমরা কারও নিষেধাজ্ঞার পরোয়া করি না। আমরা পরোয়া করি আমাদের সংবিধানকে। আমরা চলব আমাদের সংবিধান অুনযায়ী। কোনো দেশের নিষেধাজ্ঞা আমরা মানি না, মানব না।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, কিছুদিন ধরে লক্ষ করে আসছি, বক্তৃতা করতে দাঁড়ালেই মির্জা ফখরুলের চোখে কেবল কান্না। কান্নায় কান্নায় বুক ভেসে যায়। কত মানুষকে কাঁদিয়েছেন আপনারা, সন্তানহারা মা, স্বামীহারা বধূ, ভাইহারা বোনের কান্না; আর এখন নিজেরা কাঁদেন। ফখরুল সাহেব, কানতে কানতে কান্নার দরিয়া হবে, তবু আপনাদের ক্ষমা নেই। বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, আরও অনেক মানুষ খুন করেছেন। আবার খুনিদের ক্ষমা করেছেন, তাই আপনাদের ক্ষমা নেই। দেশের মানুষ বিএনপিকে ক্ষমা করবে না।

তিনি আরও বলেন, খালেদা জিয়া এত বছর জেলে, আর এখন আমাদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে! অথচ তার জন্য আন্দোলন করে ৪৮ মিনিটও দাঁড়াতে পারেনি। বিএনপি নেতারা খালেদা জিয়ার জন্য, তার অসুস্থতার জন্য যতটা কথা বলেছে, তার চেয়ে বেশি রাজনীতি করেছে। বিএনপি খালেদা জিয়ার অসুস্থতার চেয়ে তাকে নিয়ে বেশি রাজনীতি করতে চেয়েছে এবং সেটাই তাদের উদ্দেশ্য।

বিএনপিকে হুঁশিয়ার করে ওবায়দুল কাদের বলেন, কারও গায়ে আঘাত করা হলে পাল্টা আঘাত করা হবে। কোনো অবস্থাতেই ছাড় দেয়া হবে না।

শান্তি সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বেনজীর আহমদের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়