ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে সতর্ক করে বলেছেন, ষড়যন্ত্রকারীরা প্রস্তুত হচ্ছে, আমরাও প্রস্তুত। বেশি বাড়াবাড়ি করলে ছাড় দেয়া হবে না।
সোমবার (২৮ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপিকে উদ্দেশ করে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এ বাংলার মাটিতে বিশ্বাসঘাতকতায় বলি হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। তার অর্জন থেকে পরাজয়, কোথা থেকে আমরা কোথায় এসেছি, তার ইতিহাস জানা জরুরি। জিয়ার প্ররোচনায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। জেলখানায়ও জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে। যে জিয়া-মোশতাক ১৫ আগস্টের মাস্টারমাইন্ড, তারা ৩ নভেম্বরের জেল হত্যাকাণ্ডেরও মাস্টারমাইন্ড। ১৫ আগস্ট একটি পরিবারকে নিশ্চিহ্ন করে দেয়ার অর্থই হচ্ছে মুক্তিযুদ্ধকে নিশ্চিহ্ন করে দেওয়া।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ১৫ আগস্ট ব্যর্থ হয়ে ২১ আগস্ট সরাসরি তারেক রহমানের নেতৃত্বে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। ২১ আগস্টের আলামত নষ্ট করা হয়েছিল কেন এর উত্তর আজও বিএনপি দিতে পারেনি।
তিনি বলেন, যে নেতা মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে যায়, তাকে কেন আওয়ামী লীগ ভয় পাবে? লন্ডন থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে কীভাবে আন্দোলন করাবে। বিএনপির আন্দোলন, দফা কিংবা কোনো কর্মসূচির ঠিক নেই। যে আন্দোলনে জনসম্পৃক্ততা নেই, বিশ্বে এমন আন্দোলন কখনোই সফল হয়নি, এ দেশেও হবে না।
তিনি আরও বলেন, বিএনপি নেতারা দলবেঁধে সিঙ্গাপুর গেছেন, জাতীয় পার্টিরও একজন রয়েছে। রাজনৈতিক আলোচনা দেশেও হচ্ছে, বিদেশে গিয়েও করছে। রাজনীতি করেন, ষড়যন্ত্র কিংবা সমালোচনা করবেন না। মানুষ পোড়ানো কিংবা সন্ত্রাসের মতো অপরাজনীতি থেকে বিরত থাকুন।
বিএনপি আবারও ক্ষমতায় এলে এ দেশে রক্তের বন্যা বইয়ে দেবে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কোনো ভালো মানুষকে তারা রাখবে না। মুক্তিযোদ্ধাদের অস্তিত্বকে তারা নিশ্চিহ্ন করে দেবে। বিএনপি সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বড় ঠিকানা এবং প্রধান পৃষ্ঠপোষক। তারা ক্ষমতায় গেলে বাংলাদেশকে পাকিস্তান বানাবে। গণতন্ত্র, মুক্তিযুদ্ধের আদর্শ এবং এদেশের অস্তিত্বকে বাঁচানোই এখন আমাদের মূল লক্ষ্য।
আপন দেশ/এমএমজেড
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































