Apan Desh | আপন দেশ

যুবদলের বহিষ্কৃত নেতা সাইমন চার দিনের রিমান্ডে

প্রকাশিত: ১৭:৩৩, ২ অক্টোবর ২০২৬

যুবদলের বহিষ্কৃত নেতা সাইমন চার দিনের রিমান্ডে

ছবি: আপন দেশ

যুবদলের বহিষ্কৃত নেতা ফেরদৌস আহমেদ সাইমনসহ চারজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (০২ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, শুনানির সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

সাইমনের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানাধীন বাংলামোটর এলাকায় ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে মারধর ও ফাঁকা গুলিবর্ষণের অভিযোগে মামলা করা হয়।

এর আগে চার আসামিকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসিম। শুনানি শেষে আদালত সাইমনের চার দিন এবং অপর তিন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

আরও পড়ুন<<>>আ’লীগ-জামায়াতের হুংকারের মধ্যে পার্থক্য নেই: রাশেদ খাঁন

মামলার অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার (০১ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে হাতিরঝিল থানাধীন বাংলামোটরের নিউ ইস্কাটন এলাকায় একটি বাসার সামনে বাদী মো. সোহানের পথরোধ করেন আসামিরা। এ সময় প্রধান আসামি ফেরদৌস আহমেদ সাইমন তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে।

বাদী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সাইমন পিস্তল বের করে তার বুকের দিকে তাক করেন ও গুলি করার চেষ্টা করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে সাইমন পিস্তলের বাঁট দিয়ে সোহানের মাথায় আঘাত করেন। অন্য আসামিরাও তাকে মারধর করেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা ঘটনাস্থল থেকে চলে যান।

মারধরে আহত সোহান স্থানীয় একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নেন। পরে উন্নত চিকিৎসার জন্য যাওয়ার পথে তার ভগ্নিপতি মো. মোক্তার হোসেন তার কাছে আসেন। এ সময় সাইমনসহ অন্য আসামিরা মোটরসাইকেলে করে সেখানে এসে আবারও সোহানকে মারধরের চেষ্টা করেন। বাধা দিতে গেলে মোক্তার হোসেনকেও মারধর করা হয়।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, এ সময় সাইমন পিস্তল দিয়ে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। গুলির শব্দে স্থানীয় লোকজন সেখানে এগিয়ে এসে আসামিদের ধাওয়া করেন। পরে কয়েকজনকে আটক করা হয়। সাইমনও পালানোর চেষ্টাকালে আটক হন। খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

এ ঘটনায় ভুক্তভোগী মো. সোহান বাদী হয়ে হাতিরঝিল থানায় মামলা করেন। মামলায় ফেরদৌস আহমেদ সাইমনসহ চারজনকে আসামি করা হয়।

রিমান্ড আবেদনে পুলিশ উল্লেখ করেছে, গ্রেফতার হওয়া আসামিরা সংঘবদ্ধ চাঁদাবাজ ও সন্ত্রাসী দলের সক্রিয় সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের পরিচয় ও অবস্থান শনাক্ত করা, পলাতক আসামিদের গ্রেফতার এবং মামলার অন্যান্য তথ্য উদ্ধারের জন্য আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এ ছাড়া গ্রেফতার আসামিদের বিরুদ্ধে হাতিরঝিল ও কলাবাগান থানায় বিভিন্ন মাদক মামলা রয়েছে বলেও পুলিশের রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে।


আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়