Apan Desh | আপন দেশ

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় সোমবার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২০:১৭, ২৩ আগস্ট ২০২৬

আপডেট: ২০:১৭, ২৩ আগস্ট ২০২৬

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় সোমবার

ফাইল ছবি, আপন দেশ

ফেনীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় সোমবার (২৪ আগস্ট)। রায়ের দিন সামনে রেখে সোনাগাজী উপজেলার উত্তর চরচান্দিয়া এলাকায় নুসরাতের বাড়িতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

সোনাগাজী মডেল থানার ওসি মো. আবুল হাশিম বলেছেন, আগে থেকেই ওই বাড়িতে পুলিশের পাহারা চলমান ছিল। এখন ডেথ রেফারেন্স ও আপিলের রায়কে সামনে রেখে কোনো পক্ষ যেন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

আরও পড়ুন<<>>অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা

পুলিশ জানায়, সোনাগাজী থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল রোববার বিকেলে উপজেলার উত্তর চরচান্দিয়া এলাকায় মো. মুসার বাড়িতে যায়। তারা পুরো এলাকা একাধিক বার টহল দেয়। পরে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে ওসি বলেন, এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কেউ যেন কোনো অঘটন ঘটাতে না পারে সেজন্য সতর্ক রয়েছে পুলিশ। রায়ের পরও তাদের পুলিশী নিরাপত্তা দেয়া হবে বলে জানান তিনি।
 
সোনাগাজী ইসলামীয়া কামিল মাদ্রাসার ছাত্রী ছিলেন নিহত নুসরাত। মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা করায় তাকে ২০১৯ সালের ৬ এপ্রিল মাদ্রাসার ভেতরে শেল্টার হাউজে নিয়ে শরীরে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় তার ভাই মাহমুদুল হাসান নোমান বাদি হয়ে মামলা দায়ের করেন।

ওই বছরের ২৪ আগস্ট ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ ১৬ আসামির প্রত্যেককে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা ঘোষণা করেন। পরে উচ্চ আদালতে আপিল করেন আসামিরা। গত ২০ আগস্ট বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতিকে এম রাশেদুজ্জামান রানার বিশেষ বেঞ্চে আপিলের শুনানি শেষ হয়েছে।

আদালত সূত্রের বরাত দিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির জানান সোমবার এ আলোচিত মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা করার কথা রয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়