Apan Desh | আপন দেশ

বিভিন্ন দূতাবাস-সরকারি দফতরে হুমকি, কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৬:৫৮, ২৩ আগস্ট ২০২৬

আপডেট: ১৮:০৩, ২৩ আগস্ট ২০২৬

বিভিন্ন দূতাবাস-সরকারি দফতরে হুমকি, কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার

ছবি: আপন দেশ

বিভিন্ন দূতাবাস ও সরকারি দফতরে ইমেইলের মাধ্যমে চাঁদা দাবি করে একটি প্রতারক চক্র হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। কূটনীতিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই চক্রটি এমন কর্মকাণ্ড চালাচ্ছে বলে জানান তিনি।

রোববার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

ডিবিপ্রধান বলেন, সম্প্রতি এমন হয়ে আসছে, এটা নিয়ে আমরা কাজ করছি। ওরা মেইল করে হুমকি দিচ্ছে। তারা যে বিকাশ নম্বরগুলো দিয়েছে তিন-চারজনকে নিয়ে এসেছিলাম জিজ্ঞাসাবাদের জন্য। তারা কিছুই জানে না।

ডিএমপির ডিবিপ্রধান বলেন, তারা দুটো মেইল করেছে। মেইল করে বিকাশ নম্বর দিয়েছে। বিকাশ নম্বরগুলো যাদের, তারা সম্পূর্ণ নিরীহ লোক। তারা এ ব্যাপারে কোনো কিছুই জানে না।

তিনি বলেন, চক্রটি কয়েকটি ক্ষেত্রে অল্প পরিমাণ অর্থ হাতিয়ে নিতে সক্ষম হয়েছে। তবে বড় ধরনের কোনো সাফল্য তারা পায়নি। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। আরও তিন-চারজন গোয়েন্দা নজরদারিতে রয়েছে। তাদের দ্রুত আইনের আওতায় আনার ব্যাপারে পুলিশ আশাবাদী।

ডিবিপ্রধান আরও বলেন, চক্রটির বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। তাদের বিরুদ্ধে দেশের অন্য কোনো থানায় আগের মামলা রয়েছে কি না, তা যাচাই করা হয়েছে। প্রাথমিকভাবে এখন পর্যন্ত অন্য কোনো থানায় মামলা পাওয়ার তথ্য নেই। ধারণা করা হচ্ছে, তারা নতুন করে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড শুরু করেছে।

তবে এ ঘটনার পর রাজধানীর পুরো কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। বারিধারা ও গুলশানে অবস্থিত দূতাবাসগুলোকে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। পোশাকধারী ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। 

আরও পড়ুন<<>>বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেয়ায় চারজনকে হত্যা

ডিএমপির কূটনৈতিক নিরাপত্তা বিভাগের কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আবু খায়ের বলেন, আমাদের কাছে এ ধরনের কোনও লিখিত অভিযোগ আসেনি। চীনা দূতাবাস কর্তৃপক্ষ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশ সদর দফতরকে বিষয়টি জানিয়েছে। পুলিশ সদর দফতরের মাধ্যমে কাউন্টার টেরোরিজম বিষয়টি তদন্ত করছে।

তিনি বলেন, আমরা বিষয়টি জানার পর আগের চেয়ে নিরাপত্তা বাড়িয়েছি। বিশেষ করে চেকপোস্ট, টহল এবং দূতাবাসের সামনে নজরদারি; এগুলো বাড়ানো হয়েছে। পাশাপাশি আমাদের যে কুইক রেসপন্স টিম রয়েছে, সেগুলোও প্রস্তুত রাখা হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা বলেন, আমরা মনে করি এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পুরো কূটনৈতিক এলাকায় যে পরিমাণ নিরাপত্তা দেয়া হচ্ছে, তাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আর কারা হুমকি দিল, কেন দিল, কোন কোন দূতাবাস এ হুমকি পেয়েছে,তার কিছুই আমরা জানি না বা আমাদের লিখিতভাবে কোনও কিছু জানানো হয়নি। ঘটনাটি শোনার পর আমরা আরও এলার্ট হয়েছি।

প্রসঙ্গত, কয়েকটি বিদেশি দূতাবাসে ই-মেইল পাঠিয়ে হুমকি দেয় একটি গোষ্ঠী। বিষয়টি নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কর্মকর্তাদের সঙ্গে দূতাবাসগুলোর প্রতিনিধিদের বৈঠকও হয়। এ ঘটনায় সিটিটিসি তদন্ত শুরু করেছে। 

সূত্র জানায়, গত সপ্তাহের শেষ দিকে ই-মেইল পাঠিয়ে বাংলাদেশে অবস্থিত একাধিক দূতাবাসে হুমকি দেয়া হয়। কোনও গোষ্ঠী আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এসব ই-মেইল পাঠিয়েছে বলে ধারণা পুলিশের।

ই-মেইলে হুমকির ঘটনায় গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) বা লিখিত অভিযোগ কেউ করেনি বলেও জানিয়েছে পুলিশ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়