Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৩৭, ১৬ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় বাংলাদেশ

ছবি : আপন দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে সহায়ক পরিবেশ তৈরি করতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানানো হয়েছে। 

পাশাপাশি শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া ও ওসমান হাদির হত্যায় অভিযুক্তদের প্রত্যর্পণের কথা উল্লেখ করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের অতিরিক্ত পররাষ্ট্র সচিব একেএম শহীদুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান। 

একেএম শহীদুল করিম বলেন, ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, শরীফ ওসমান হাদি হত্যায় জড়িতদেরসহ পলাতক আসামিদের প্রত্যর্পণ ও অনুকূল পরিবেশ তৈরির জন্য অপেক্ষায় আছে বাংলাদেশ।

তিনি বলেন, বাংলাদেশ এবং ভারতের কর্মকর্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারতে একটি দ্বিপক্ষীয় সফরের সম্ভাবনা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে একে অপরের সঙ্গে যোগাযোগ করছেন। তবে গত ৫ আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য মতবিনিময়ের ফলে এই প্রক্রিয়াটি বিঘ্নিত হয়েছে, যিনি মানবতাবিরোধী অপরাধ করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক দোষী সাব্যস্ত হয়েছেন। আমরা এই বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার করেছি।

শহীদুল করিম বলেন, আমরা মনে করি যে, এ সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। এ লক্ষ্যে আমরা ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ করেছি শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের প্রত্যর্পণের আমাদের অনুরোধে দ্রুত ব্যবস্থা নিতে এবং আমাদের দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শহীদ শরীফ উসমান হাদির অভিযুক্ত খুনিদের বাংলাদেশের হাতে তুলে দিতে। আমরা তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।

আরও পড়ুন : রাজধানীতে অবৈধ অটোরিকশার দাপটে ব্যবসায়ীদের ক্ষোভ

তিনি আরও বলেন, আমরা পুনরায় বলছি, আমরা সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে আমাদের প্রতিবেশীসহ অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে আমাদের ‌‌‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করে যাব।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়