Apan Desh | আপন দেশ

রাজধানীতে অবৈধ অটোরিকশার দাপটে ব্যবসায়ীদের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৫২, ১৬ আগস্ট ২০২৬

আপডেট: ১৩:০৯, ১৬ আগস্ট ২০২৬

রাজধানীতে অবৈধ অটোরিকশার দাপটে ব্যবসায়ীদের ক্ষোভ

ছবি : আপন দেশ

রাজধানীর প্রধান সড়ক ও অলিগলিতে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশার দাপটে যানজট ও দুর্ঘটনা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। 

একই সঙ্গে এসব অবৈধ ও লাইসেন্সহীন যান চলাচল বন্ধে কঠোর আইনি পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন তারা।

রোববার (১৬ আগস্ট) সকালে মতিঝিলের ডিসিসিআই অডিটোরিয়ামে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) যৌথ উদ্যোগে আয়োজিত ‘স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা, যানজট ও ট্রেড লাইসেন্স নবায়ন সেবা’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন ব্যবসায়ী নেতারা।

সভায় প্রধান অতিথি ছিলেন ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম।

ব্যবসায়ীরা বলেন, একটি বৈধ প্রাইভেট কারের মালিককে বছরে ২৫ হাজার টাকারও বেশি কর দিতে হলেও নগরজুড়ে অবাধে চলাচলকারী হাজার হাজার ব্যাটারিচালিত অটো-রিকশা কোনো ধরনের কর বা ফি ছাড়াই চলছে। এসব অনিয়ন্ত্রিত যান অধিকাংশ সড়ক ও অলিগলির বড় অংশ দখল করে রাখায় যানজট বাড়ার পাশাপাশি ব্যবসার স্বাভাবিক পরিবেশ ও নাগরিক চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

তাদের অভিযোগ, রাজধানীর সড়কগুলোতে দুর্ঘটনার অন্যতম কারণ দ্রুতগতির ও লাইসেন্সহীন অটোরিকশা। এসব যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও কার্যকর নজরদারি না থাকায় পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে।

ব্যবসায়ী নেতারা ট্রেড লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সহজীকরণ, রাজস্ব ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা এবং অবৈধ অটো-রিকশার বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

আরও পড়ুন : জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

জবাবে ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম নগরীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানজট কমানো এবং ট্রেড লাইসেন্স-সংক্রান্ত সেবা দ্রুত ও স্বচ্ছ করার বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। 

আপন‌দেশ/মিম/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়