Apan Desh | আপন দেশ

রামপুরা-নতুনবাজার রোডে ১ পাশে যানজট, অন্য পাশে গাড়ির সংকট

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:২৭, ৩০ জুলাই ২০২৬

রামপুরা-নতুনবাজার রোডে ১ পাশে যানজট, অন্য পাশে গাড়ির সংকট

ছবি : আপন দেশ

রাজধানীর রামপুরা-নতুনবাজার রোডে ১ পাশে ভয়াবহ যানজট ও অপর পাশে গাড়ি সংকট দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে মেরাদিয়া এলাকায় দুটি ট্রাক বিকল হয়ে পড়ে। এরপর ভোগান্তিতে পড়েন অফিসগামী হাজার হাজার যাত্রী।

ট্রাফিক পুলিশের তথ্যমতে, ভোর ৪টার দিকে বৃষ্টির কারণে মেরাদিয়া এলাকায় সড়কে পানি জমে যায়। এ সময় দুটি ট্রাক বিকল হয়ে সড়কে আটকে পড়ে। এতে নতুনবাজার, বাড্ডা, মেরাদিয়া হয়ে রামপুরা পর্যন্ত দীর্ঘ যানজট ছড়িয়ে পড়ে। সড়কে শত শত বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল দীর্ঘ সময় স্থির হয়ে থাকে।
 
দীর্ঘক্ষণ যানবাহনে আটকে থাকার পর অনেক যাত্রী বাস থেকে নেমে বৃষ্টির মধ্যেই হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। কেউ অফিসে, কেউ শিক্ষাপ্রতিষ্ঠানে, আবার কেউ জরুরি কাজে যেতে গিয়ে সময়মতো পৌঁছাতে না পারার শঙ্কায় ক্ষোভ প্রকাশ করেন। নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের দুর্ভোগ ছিল সবচেয়ে বেশি।

যানজটের কারণে নতুনবাজার থেকে বাড্ডা লিংক রোড ব্যবহারকারী আলিফ, বৈশাখীসহ কয়েকটি গণপরিবহনকে গুলশান-২ হয়ে বিকল্প পথে চলাচল করতে দেখা যায়।

এতে ওই সড়কেও যানবাহনের চাপ বেড়ে যায়। তবে রামপুরা থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। 

অপরদিকে, বাড্ডা থেকে কাকরাই-পল্টনমুখী রাস্তায় গাড়ি ছিল না বললেই চলে। এতে চরম ভোগান্তিতে পড়েন এ রোডের অফিসগামীরা। এ অবস্থায় রিকশাযোগে, অনেককে হেঁটেও অফিসে যেতে দেখা যায়।

আরও পড়ুন : নতুন দায়িত্বে ইশরাক হোসেন

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের রামপুরা জোনের সহকারী কমিশনার (এসি) আসাদুজ্জামান বলেন, ভোরে বিকল হওয়া দুটি ট্রাকের মধ্যে একটি সরিয়ে নেয়া হয়েছে। অন্যটি অপসারণের কাজ চলছে। ট্রাক দুটি সড়কে বিকল হয়ে পড়ায় ওই অংশে যান চলাচল ব্যাহত হয় এবং এর প্রভাব নতুনবাজার থেকে রামপুরা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়