ছবি: আপন দেশ
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (কোমানি) শহরের একটি সুপারশপে ভয়াবহ আগুন লেগেছে। এ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত পাঁচজনের বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলায়। বাকি একজন মুন্সীগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।
সোমবার (২৭ জুলাই) স্থানীয় সময় রাতের প্রথম প্রহরে এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্র ও প্রবাসীদের তথ্যে জানা যায়, দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে আলীরটেক ইউপি সদস্য রওশন মেম্বারের ভাই রতনের মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে।
হৃদয়বিদারক এ ঘটনায় প্রাণ হারানো ছয়জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
তারা হলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ক্রোকেরচর গ্রামের ফাহিম (২৯), আপন আহমেদ (২৩) ও নুর মোহাম্মদ (৫৫), একই এলাকার তৈলখিরার চরের ফয়সাল (২৬), ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের কানাইনগরের শাহিন (৩০) এবং মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার কালিন্দিপাড়ার রাজিক বেপারী (৫২)।
মৃত রাজিক বেপারী দক্ষিণ কালিন্দিপাড়া এলাকার মৃত সালাম বেপারীর ছেলে। স্বজনরা জানান, তিন কন্যা সন্তানের ভবিষ্যৎ এবং পরিবারের মুখে হাসি ফোটাতে মাত্র আড়াই মাস আগে নিকটাত্মীয়দের সহায়তায় প্রবাসে যান তিনি। তিনি সেখানে একটি সুপারশপ ও ইলেকট্রনিক্স দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তার স্ত্রী সন্তানসম্ভবা।
আরও পড়ুন <<>> আফ্রিকায় আগুনে পুড়ে ছয় বাংলাদেশির মৃত্যু
ঘটনায় নিহত আপন আহমেদের বাবা আলি মিয়া কান্নায় ভেঙে পড়ে সন্তানদের এমন আকস্মিক ও নির্মম বিদায়ে শোক প্রকাশ করেন। প্রবাসে উপার্জন করতে গিয়ে মরদেহ হয়ে ফেরার এ ঘটনা নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের পুরো এলাকায় চরম শোকের ছায়া ফেলেছে।
শোকাহত পরিবারগুলো দ্রুত তাদের প্রিয়জনের মরদেহ সরকারি সহায়তায় দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
বিষয়টি নিয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, দক্ষিণ আফ্রিকার এ মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের বিষয়ে আমরা অবহিত হয়েছি। প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইতোমধ্যে নিহতদের স্বজনদের খোঁজখবর নিতে যাবেন। সরকারিভাবে যা সাহায্য ও ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে, তা সুনিশ্চিত করতে সংশ্লিষ্ট দফতরগুলোর সঙ্গে কথা বলা হচ্ছে। আর অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তদন্ত শেষ হলে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই জানা যাবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































