ফাইল ছবি
রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাগর হোসেন বুলেট (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২২ জুলাই) ভোরে তিনি মারা যান। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশের একাধিক দল।
হাজারীবাগ থানা পুলিশ জানায়, মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে ভাগলপুর লেনের ৪৮/১/ই নম্বর বাসার সামনে ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাগর। পরে জরুরি সেবা ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে পুলিশ। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে তার মৃত্যু হয়।
আরও পড়ুন<<>>ফের গ্রেফতার রিজেন্টের সাহেদ
হাজারীবাগ থানার এসআই এবিএম তৌহিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় সাগরকে উদ্ধার করা হয়। তার মাথায় একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ জানায়, নিহত সাগর হোসেন বুলেট হাজারীবাগের ভাগলপুর লেন এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত শাহাদত হোসেন। তিনি বেকার ছিলেন।
এসআই তৌহিদ বলেন, কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক দল কাজ করছে।
এদিকে, ময়নাতদন্তের জন্য সাগরের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































