ছবি : আপন দেশ
পুরান ঢাকার বংশালে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন।
শুক্রবার (১০ জুলাই) ভোরে মুকিম বাজার চুরিওয়ালা পঞ্চায়েত কবরস্থানের বিপরীত পাশে একটি চারতলা বাড়ির নিচ তলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ারের বাড়ি যশোরের শার্শা উপজেলায়। তার বাবার নাম আব্দুল খালেক। বাড়িটির তৃতীয় তলায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন তিনি।
তুষার ইসলাম রিফাত নামে দেলোয়ারের দোকান কর্মচারী জানান, মুকিম বাজার মসজিদের পাশে বাইক পার্ক সেন্টার নামে একটি মোটরসাইকেলের গ্যারেজ রয়েছে দেলোয়ারের। সেই দোকানেরই কর্মচারী দগ্ধ নাজমুল। রিফাতও সেখানে কাজ করেন। বাড়িটির নিচ তলায়ও দেলোয়ারের ব্যবসায়িক মালামাল রাখার গোডাউন রয়েছে।
রিফাত আরও জানান, ভোরে বাসার নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। সে শব্দ পেয়ে তিনতলা বাসা থেকে দেলোয়ার এবং তার খালাতো ভাই নাজমুল নিচে নেমে আসেন, কী বিস্ফোরণ হয়েছে সেটা দেখতে। তখন আবার একটি বিস্ফোরণে আগুন ধরে গেলে সেখানে দুজনই আটকে পড়েন। তখন নাজমুলকে আশপাশের লোকজন বের করতে পারলেও ভেতরে আটকা পড়েন দেলওয়ার। পরে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিভিয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে।
দোকান কর্মচারী আরও জানান, বাড়িটির দোতলায় থাকেন বাড়ির মালিক। তবে তারা যে গ্যাস সিলিন্ডারে রান্না করেন সেটি রাখা ছিল নিচ তলার গোডাউনে। সে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এ আগুনের সূত্রপাত।
আরও পড়ুন : দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। আর নাজমুলকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি রাখা হয়েছে। ঘটনাটি বংশাল থানা পুলিশ তদন্ত করছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































