ছবি: আপন দেশ
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দফতরে বর্তমানে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে। তিনি বলেন, এসব পদে নিয়োগের জন্য সরকার ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের তিনি এ কথা জানান।
মো. আব্দুল বারী বলেন, গত ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবলসংক্রান্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে প্রকাশিত স্ট্যাটিসটিক্স অব পাবলিক সার্ভেন্টস ২০২৪ অনুযায়ী বর্তমানে সরকারি দফতরগুলোতে মোট শূন্য পদের সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ২২০।
তিনি জানান, প্রথম শ্রেণিতে (১ম থেকে ৯ম গ্রেড) শূন্য পদ রয়েছে ৬৮ হাজার ৮৮৪টি। দ্বিতীয় শ্রেণিতে (১০ম থেকে ১২তম গ্রেড) শূন্য পদের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ১৬৬টি।
তিনি আরও জানান, সবচেয়ে বেশি শূন্য পদ রয়েছে তৃতীয় শ্রেণিতে (১৩তম থেকে ১৬তম গ্রেড), যার সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৭৯৯।
এছাড়া চতুর্থ শ্রেণিতে (১৭তম থেকে ২০তম গ্রেড) শূন্য পদ রয়েছে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি। অনারারি, নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক অন্যান্য ক্যাটাগরিতে আরও ৮ হাজার ৯৩৬টি পদ শূন্য রয়েছে।
মো. আব্দুল বারী বলেন, এ বিপুলসংখ্যক শূন্য পদ পূরণে সরকার ইতোমধ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে আগামী ৬ মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ হাজার ৮৭৯টি শূন্য পদে নিয়োগ সম্পন্ন করা হবে।
আরও পড়ুন <<>> বেনজীরকে ফেরানোর অগ্রগতি জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
এছাড়া আগামী এক বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় আগামী পাঁচ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি শূন্য পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।
তিনি আরও বলেন, ‘স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ’—এ লক্ষ্য সামনে রেখে পরিকল্পনা সাজানো হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে সব মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগের সর্বশেষ অবস্থা এবং শূন্য পদে নিয়োগসংক্রান্ত তথ্য পাঠানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে চিঠি দেয়া হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































