ফাইল ছবি
দুবাইয়ে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে গ্রেফতার করা হয়েছে। তাকে ফেরানোর প্রক্রিয়া দ্রুততার সঙ্গে চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২০ জুন) সচিবালয়ে তিনি এ কথা জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, আরব আমিরাতের পুলিশ বেনজীর আহমেদকে গ্রেফতারের পর পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ৩০ দিন সময় দিয়েছিল। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাত্র তিন দিনে ১৪৪ পৃষ্ঠার প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করে আমিরাত সরকারের কাছে পাঠিয়ে দিয়েছে। আশা করি, আমিরাত সরকার খুব শিগগিরই বেনজীর আহমেদকে ফেরত দেয়ার ব্যবস্থা করবে।
তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে তারা এখনও ই-মেইলে কিছু পাঠায়নি। ইতোমধ্যে সাপ্তাহিক ছুটির দিন গিয়েছে। রোববার এ বিষয়ে আমরা খোঁজ নেব।
আরও পড়ুন <<>> আ.লীগ একটা ‘মাফিয়া পার্টি’: স্বরাষ্ট্রমন্ত্রী
তিনি আরও বলেন, আমিরাতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তি থাকলো কি থাকলো না, সে প্রশ্ন অবান্তর। চুক্তি থাকুক বা না থাকুক ইউএন চার্টার অনুযায়ী আমরা কিছু কিছু বিষয়ে স্বাক্ষরিত দেশ। সেখানে তারাও স্বাক্ষর করেছে। সে অনুযায়ী আগেও আসামি এসেছে, আমরাও পাঠিয়েছি। আমি মনে করি না ফেরত পাঠানোর প্রক্রিয়া জটিল হবে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জেষ্ঠ্য সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুবাইয়ে সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদের গ্রেফতার হওয়ার বিষয়টি সামনে আসে গত ১৪ জুন। ওইদিন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে বিষয়টি জানান। বেনজীরের বিরুদ্ধে অর্থ পাচার ও দুর্নীতির মামলায় ইন্টারপোলের রেড নোটিশ জারি ছিল।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































