Apan Desh | আপন দেশ

দিল্লি বিমানবন্দরে কী ঘটেছিল, জানালেন ডা. জাহেদ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৫৩, ১৬ জুন ২০২৬

দিল্লি বিমানবন্দরে কী ঘটেছিল, জানালেন ডা. জাহেদ

ছবি : আপন দেশ

ভারতের দিল্লি বিমানবন্দরে পাসপোর্ট নিয়ে কোনো ঝামেলা হয়নি জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ‘আমি আমার কূটনৈতিক পাসপোর্টটি নিইনি। নিইনি মানে অন্য কোনো কারণে না, এ নিচ্ছি নেবো করতে করতে নেয়া হয়নি।’

মঙ্গলবার (১৬ জুন) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে তথ্য অধিদফতরে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘কূটনৈতিক পাসপোর্ট কোনো কারণ ছিল না, কারণ আমার পাসপোর্টে সার্ক স্টিকার দেয়া আছে। তার মানে কূটনৈতিক পাসপোর্ট যেভাবে কাজ করে, সেভাবেই কাজ করার কথা। সুতরাং এটা কোনো কারণ না।’

তিনি বলেন, ‘কেউ কেউ বলছেন কূটনৈতিক পাসপোর্টের কথা। আমি যদি কোনোদিনও কূটনৈতিক পাসপোর্ট না নেই তাহলে কি আমার বিদেশ ভ্রমণ বন্ধ হবে। আমি কূটনৈতিক পাসপোর্ট নিতে বাধ্যও না। আমি আমার জায়গা থেকে এটা নিতে পারি। কিন্তু নিতেই হবে এমন কোনো কথা নেই। কেউ কেউ বলার চেষ্টা করছেন পাসপোর্ট কারণ ছিল, পাসপোর্ট কোনো কারণ ছিল না। অন্য কারণ ছিল যেগুলো আপনারা ইন্ডিয়ান মিডিয়াতে দেখেছেন।’

সিচুয়েশন খারাপ করতে চাননি জানিয়ে জাহেদ উর রহমান বলেন, ‘আমার সঙ্গে দুর্ব্যবহার হয়েছে বলব না, তবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে আমার সঙ্গে যে ট্রিট করার কথা ছিল, সেটি করা হয়নি। সিচুয়েশনটাকে বেশি খারাপ করতে চাইনি। সেই বার্তাও দিয়েছি। আমরা পুরো প্রতিনিধিদলকে প্রত্যাহার করতে পারতাম, সেটি করা হয়নি।’

উল্লেখ্য, দিল্লিতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে অংশ নেয়ার কথা ছিল ডা. জাহেদ উর রহমানের। ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে উপদেষ্টার অংশগ্রহণের বিষয়ে শুক্রবার (১২ জুন) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল। কিন্তু রোববার (১৪ জুন) সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে অবতরণের পর তাকে রহস্যজনক কারণে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আড়াই ঘণ্টা বসিয়ে রাখে। তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেয়া হবে কি না, সে বিষয়টি স্পষ্ট করেনি।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক

এমন পরিস্থিতিকে আত্মসম্মানে আঘাত হিসেবে দেখে পাসপোর্ট ফেরত চেয়ে দেশে আসার সিদ্ধান্ত নেন জাহেদ উর রহমান। তবে পরিস্থিতি বেগতিক দেখে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে বারবার ভারতে প্রবেশের অনুরোধ জানালেও তিনি দেশে ফেরার সিদ্ধান্তে অটল থাকেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়