ছবি : আপন দেশ
রাজধানীর হাতিরঝিলে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে পলাশের ওপর গুলি চালানোর ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে গ্রেফতার ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে রোববার (১৪ জুন) হাতিরঝিল থানায় তেজগাঁও জোনের ডিসি ইবনে মিজান কথা বলবেন বলে জানা গেছে।
শুক্রবার (১২ জুন) জুমার নামাজের পর রামপুরা ব্রিজ-সংলগ্ন একরামুন্নেছা বালক উচ্চবিদ্যালয়ের পাশে পলাশের ওপর হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, পলাশের বাবার নাম ইউনুস খান। তার বাড়ি রাজধানীর পশ্চিম রামপুরায়। তিনি যুবদল নেতা মিজানুর রহমান মিজান হত্যা মামলায় দণ্ডিত ছিলেন। পলাশ এক মাস আগে কারাগার থেকে জামিনে মুক্তি পান।
পুলিশ জানায়, জুমার নামাজ পড়ে নিজ বাসভবনের নিচে দাঁড়িয়ে কথা বলছিলেন পলাশ। এ সময় আগে থেকে অপেক্ষায় থাকা দুর্বৃত্তরা তাকে গুলি করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। পরপর তাকে দুই রাউন্ড গুলি করা হলে এক রাউন্ড গুলি তার মাথা ভেদ করে বের হয়ে যায়।
আরও পড়ুন : সোহেল রানা হাইকোর্টের কাছে ক্ষমা চেয়েছেন : অ্যাটর্নি জেনারেল
খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে পুলিশের ক্রাইম সিন ইউনিট।
এ ঘটনায় দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে পলাশের পরিবার।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































