ছবি: আপন দেশ
রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংকের করপোরেট শাখার সামনে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। আহত ব্যবসায়ীর নাম লোকমান হোসেন (৪৫)।
রোববার (০৭ জুন) বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মতিঝিল থানার এসআই মো. বিল্লাল হোসেন জানান, বিকেল আনুমানিক সোয়া ৩টার দিকে তিনটি মোটরসাইকেলে করে ছয়জন দুর্বৃত্ত জনতা ব্যাংকের করপোরেট শাখার সামনে আসে। এরপর তারা লোকমান হোসেনকে লক্ষ্য করে গুলি চালায় এবং তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়।
আরও পড়ুন <<>> এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
পুলিশ জানায়, হামলায় লোকমানের হাত ও পায়ে দুটি গুলি লেগেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ছিনতাই হওয়া ব্যাগে প্রায় ১৭ হাজার সৌদি রিয়াল ছিল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ লাখ টাকা।
ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে গুলির দুটি খোসা উদ্ধার করেছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত চলছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































