Apan Desh | আপন দেশ

আদ্-দ্বীনে ৬ শিশুর মৃত্যুতে অবহেলার প্রমাণ মিলেছে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২২, ৪ জুন ২০২৬

আদ্-দ্বীনে ৬ শিশুর মৃত্যুতে অবহেলার প্রমাণ মিলেছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় চিকিৎসক, নার্স ও কর্তৃপক্ষের চরম অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (০৪ জুন) ৬ শিশুর মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন নিয়ে ব্রিফিং-এ তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে অক্সিজেন স্বল্পতা দেখা দেয়। বদ্ধ কক্ষে বায়ু কমে যাওয়ায় শিশুদের টিকে থাকা কঠিন হয়ে পড়ে। এ ছাড়াও আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়। 

আরও পড়ুন<<>>ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড

তিনি বলেন, এ ঘটনায় বিদ্যমান আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। রোববারের (০৭ জুন) মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান তিনি।

এর আগে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় নিজস্ব তদন্ত কমিটির প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয় ছাড়াও স্বাস্থ্য অধিদফতরে জমা দেয় আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার (০২ জুন) তদন্ত প্রতিবেদনটি জমা দেয়া হয়।

এ বছরের ২৭ মে ভোরে রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৩ ঘণ্টার মধ্যে ৬ নবজাতকের মৃত্যু হয়। ওই ঘটনায় অবহেলার অভিযোগ এনে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা করা হয়েছে। এক শিশুর স্বজনের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে রমনা থানায় মামলাটি রেকর্ড করা হয়। সেদিন রাতেই মামলার বিষয়টি নিশ্চিত করেন রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জাহিদুল ইসলাম।

অন্যদিকে ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করে স্বাস্থ্য অধিদফতর। কমিটিকে প্রথমে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেনি কমিটি। পরবর্তীতে তারা ৩ জুন পর্যন্ত সময় চায়। এরই ধারাবাহিকতায় বুধবার (০৩ জুন) মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়