Apan Desh | আপন দেশ

ঈদযাত্রায় বাসে ৫ কোটি ৬১ লাখ টাকা বাড়তি আদায়

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:১১, ২৭ মে ২০২৬

আপডেট: ১৩:১৩, ২৭ মে ২০২৬

ঈদযাত্রায় বাসে ৫ কোটি ৬১ লাখ টাকা বাড়তি আদায়

ছবি: আপন দেশ

ঈদযাত্রাকে কেন্দ্র করে বাস মালিক সমিতির প্রতিশ্রুতি ভঙ্গ করে বিভিন্ন রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন সিটি সার্ভিস ও দূরপাল্লার বাসে এ পরিস্থিতি দেখা যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

বুধবার (২৭ মে) সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানান, মালিক সমিতি অতিরিক্ত ভাড়া না নেয়ার ঘোষণা দিলেও বাস্তবে তা মানা হচ্ছে না। বরং বহু রুটে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি টাকা আদায় করা হচ্ছে।

তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, দেশের প্রায় ৮৫০টি দূরপাল্লার রুটের মধ্যে মাত্র ২৭টি রুটে পর্যবেক্ষণ চালানো হয়। এর মধ্যে ২৬টি রুটে প্রায় ২ লাখ ৩৪ হাজার যাত্রীর কাছ থেকে অতিরিক্ত প্রায় ৫ কোটি ৬১ লাখ টাকা আদায় করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল, ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন রুটে নির্ধারিত ভাড়ার তুলনায় অতিরিক্ত টাকা আদায়ের উদাহরণও তুলে ধরা হয়েছে।

যাত্রী কল্যাণ সমিতির মতে, পরিবহন খাতে দীর্ঘদিনের সংস্কারহীনতা, ভাড়া আদায়ের অনিয়ম এবং ব্যবস্থাপনার দুর্বলতার কারণে প্রতিবছর ঈদে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। তাদের অভিযোগ, মনিটরিং ব্যবস্থাও অনেক ক্ষেত্রে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রভাবমুক্ত নয়।

আরও পড়ুন <<>> ‘রাতে হাসপাতালের ওয়ার্ডে পর্যাপ্ত নার্স ছিল না’

সংগঠনটি আরও বলেছে, অতিরিক্ত ভাড়ার কারণে সামাজিক অস্থিরতা, পরিবহন চাঁদাবাজি এবং যাত্রী দুর্ভোগ বাড়ছে। ফলে অনেক নিম্ন আয়ের মানুষ বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণভাবে ছাদে বা অতিরিক্ত ভিড়ে যাতায়াত করছেন।

এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ডিজিটাল পদ্ধতিতে ভাড়া আদায়, নগদ লেনদেন কমানো, সিসি ক্যামেরা নজরদারি এবং মনিটরিং ব্যবস্থাকে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে আনার সুপারিশ করেছে সংগঠনটি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়