ছবি: আপন দেশ
আসন্ন পবিত্র ঈদুল আজহায় ট্রেন যাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থাপনায় অগ্রিম টিকিট বিক্রি হয়েছে আগেই। এবার কর্মস্থলে ফেরা মানুষের জন্য অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার (২৩ মে) বিক্রি হচ্ছে ০২ জুনের আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট বিক্রি। যাত্রীদের ভোগান্তি কমাতে এবং কাউন্টারে ভিড় এড়াতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
যাত্রীদের অতিরিক্ত চাপের কথা মাথায় রেখে টিকিট বিক্রির সময়ে কিছুটা ভিন্নতা আনা হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে। পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।
আরও পড়ুন<<>>ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে ৩ স্তরের নিরাপত্তা
রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, আগামী কয়েকদিনের টিকিট বিক্রির একটি সুনির্দিষ্ট সময়সূচি প্রকাশ করা হয়েছে। সে সূচি অনুযায়ী, এরইমধ্যে আন্তঃনগর ট্রেনের ৩১ মে'র আসনের টিকিট বিক্রি করা হয়েছে ২১ মে, ০১ জুনের আসনের টিকিট বিক্রি করা হয়েছে ২২ মে।
আগামী ০৩ জুনের টিকিট ২৪ মে এবং ০৪ জুনের আসনের টিকিট বিক্রি করা হবে ২৫ মে।
টিকিট ক্রয়ের ক্ষেত্রে রেলওয়ে কর্তৃপক্ষ বিশেষ কিছু নিয়ম নির্ধারণ করে দিয়েছে। ঈদ স্পেশাল এ অগ্রিম টিকিট কেনার পর কোনোভাবেই রেলওয়েকে ফেরত দেয়া যাবে না। এছাড়া একজন যাত্রী একবারে সর্বোচ্চ ৪টি আসনের টিকিট কিনতে পারবেন। তবে নিজের পাশাপাশি অন্য সহযাত্রীদের জন্য টিকিট কাটলে, টিকিট কেনার সময়ই বাকি সহযাত্রীদের নাম উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































