স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
একটি জাতির নিরাপত্তা নির্ভর করে অর্জিত জ্ঞান, প্রজ্ঞা ও আন্তর্জাতিক সীমানার স্থিতিশীলতার ওপর। পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জবাবদিহিবিহীন নিরাপত্তা কখনও বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বুধবার (২০ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সেন্টার ফর ফিউচার স্টাডিজের দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিন ‘নতুন বিশ্বব্যবস্থার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় জাতীয় নিরাপত্তা’ শীর্ষক সমাপনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, প্রযুক্তির ক্রমবর্ধমান বিস্তারের কারণে নতুন নেতৃত্ব তৈরিতে বিনিয়োগ করতে হবে। এটি একদিকে জাতির ভবিষ্যৎ বিনির্মাণে আমাদের দায়িত্বশীলতাকে প্রমাণ করবে। অন্যদিকে জনগণের আস্থা ও ভরসাকে সুদৃঢ় করবে।
আরও পড়ুন<<>>‘আনসার-ভিডিপি প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনীতে পরিণত হবে’
সম্মেলনে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় ও গবেষণাভিত্তিক গঠনমূলক আলোচনায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নেপালের ড. প্রমোদ জয়সওয়াল, শ্রীলংকার সুভাশিনি আবেয়াসিংহে, পাকিস্তানের ড. সালমা মালিক এবং সুইডেনের ড. গ্রেগ সিমন্স।
স্পিকার এ সময় ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট আয়োজক কর্তৃপক্ষকে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম, বিভিন্ন অনুষদের ডিন, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































