Apan Desh | আপন দেশ

ঈদযাত্রায় নারীদের ভোগান্তিমুক্ত করতে হাইকোর্টের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩২, ১২ মে ২০২৬

আপডেট: ১৭:৩৩, ১২ মে ২০২৬

ঈদযাত্রায় নারীদের ভোগান্তিমুক্ত করতে হাইকোর্টের নির্দেশনা

ছবি: আপন দেশ

ঈদযাত্রা নারীদের ভোগান্তিমুক্ত করতে নতুন নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। নির্দেশনা অনুযায়ী ঈদযাত্রায় প্রতিটি ট্রেনে নারীদের জন্য আলাদা কামরা বরাদ্দ রাখার কথা বলা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন।

আইনজীবীর তথ্যমতে, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ধারা অনুযায়ী প্রতিটি ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা থাকার কথা।

আইন অনুযায়ী, ৫০ মাইলের বেশি ভ্রমণকারী ট্রেনের ক্ষেত্রে ওই কামরার সঙ্গে একটি শৌচাগার সংযুক্ত থাকার বিধান রয়েছে। সেখানে বিনা অনুমতিতে প্রবেশ করলে ১১৯ ধারায় জরিমানা আরোপের কথাও আইনে উল্লেখ আছে।

ওই দুই ধারার বাস্তবায়ন না হওয়ার প্রেক্ষাপটে ২০২১ সালে আইনজীবী মমতাজ পারভীন রিট করেন। পরে ১০ মার্চ হাইকোর্ট রুল জারি করেন।

আরও পড়ুন <<>> ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের সতর্ক বার্তা

রুলে আইনের বিধান অনুযায়ী যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট কামরা বরাদ্দ রাখতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়।

সে বিচারাধীন রুলে সম্পূরক আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেয়া হয়েছে বলে জানান আইনজীবী মো. আজমল হোসেন খোকন।

তিনি বলেন, আইনে আলাদা কামরার বিধান থাকলেও তা বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় ঈদে নারীদের ভোগান্তি লাঘবে এ আবেদন করা হয় এবং আদালত নির্দেশ দিয়েছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়