ছবি : আপন দেশ
সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং মহাসড়কে যানজট কমাতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এবার গার্মেন্টস কারখানাগুলো পর্যায়ক্রমে ছুটি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।’
সোমবার (১১ মে) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শেখ রবিউল আলম বলেন, ‘গত ঈদুল ফিতরে হঠাৎ করে সব গার্মেন্টস একসঙ্গে ছুটি দেয়ার ফলে মহাসড়কে ব্যাপক জনচাপ তৈরি হয়েছিল এবং যাতায়াতে বেশ বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার যাত্রী ভোগান্তি কমাতে ধাপে ধাপে গার্মেন্টস ছুটি দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এর ফলে ঘরমুখো মানুষ ও পশুবাহী ট্রাকের চাপ সড়কে সুষমভাবে বণ্টন হবে।’
তিনি বলেন, ‘গত ঈদুল ফিতরের সময় ঈদযাত্রায় যেসব ব্যত্যয় ঘটেছিল, সেগুলো নিরসনে বিভিন্ন উদ্যোগ নেবে সরকার। সড়কে শৃঙ্খলা ফেরাতে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালিত হবে।’
আরও পড়ুন : ধেয়ে আসছে ভয়ঙ্কর বৃষ্টি বলয়, প্রভাব পড়বে যেসব অঞ্চলে
তিনি আরও বলেন, ‘আসন্ন ঈদুল আজহায় সরকার আগেভাগেই বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। বিশেষ করে মহাসড়কে যানজট ব্যবস্থাপনা এবং পশুবাহী ট্রাকের চলাচল সুশৃঙ্খল করতে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































