মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ধ্বংসস্তুপ থেকে দেশকে টেনে তুলে পুনর্গঠন করাই বিএনপি সরকারের কাছে নতুন চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (০৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আপনারা বড় রকমের যুদ্ধ শেষ করে এসেছেন। যুদ্ধটি হচ্ছে দেশের মানুষকে রক্ষা করার, দেশকে রক্ষা করার এবং গণতন্ত্রকে রক্ষা করার। সে যুদ্ধে আপনারা জয়ী হয়েছেন। সংসদে আমরা সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছি। আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে সক্ষম হয়েছি।
সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা একটি ধ্বংসস্তূপের মধ্যে থেকে সরকারে এসেছি। যেদিকে তাকাবেন সেদিকে শুনবেন নাই, নাই, নাই। আসলে অবস্থাটাও তাই। এ ধ্বংসস্তূপ থেকে শুধু দলকে নয়, রাষ্ট্র, সরকারকে টেনে তুলতে হবে। এটাই আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ।
বিএনপি মহাসচিব বলেন, এ চ্যালেঞ্জ মোকাবিলাই করাই আমাদের মূল লক্ষ্য। আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী যে, আমাদের নেতা তারেক রহমান, যিনি নির্বাসনে থেকেও আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, দেশে সফল একটি অভ্যুত্থান ঘটিয়েছেন এবং একই সঙ্গে সফল নির্বাচন জয়ের মাধ্যমে সরকারে এসেছেন।
আরও পড়ুন<<>>শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে, আমরা তার এ নেতৃত্ব, দলের নেতাকর্মীদের আত্মত্যাগ স্মরণ করে দলকে আরও সুসংগঠিত করি। তৃণমূল পর্যায়ে সব মানুষের কাছে আমাদের দলের যে কাজগুলো হচ্ছে, সেগুলো পৌঁছে দেই এবং একটি যোগসূত্র রক্ষা করি।
এর আগে সকাল পৌনে ১১টায় ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সভাপতিত্বে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও ডা. এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































