ফাইল ছবি
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে একগুচ্ছ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (১৮ এপ্রিল) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হবে। ঢাকার মহানগরীতে মোট ১২৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন রাখা হবে। একই সঙ্গে নগরীর সার্বিক ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।
এ লক্ষ্যে নগরবাসী ও যানবাহন চালকদের কিছু নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ডিএমপি।
নির্দেশনাগুলো হলো:
১) পরীক্ষার্থীবৃন্দ যথেষ্ট সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে রওনা হবেন।
২) যেসব পরীক্ষার্থী ব্যক্তিগত যানবাহনে কেন্দ্রে আসবেন, তারা পরীক্ষাকেন্দ্রের সম্মুখে নামার পরিবর্তে কম ব্যস্ত ও নিকটবর্তী স্থানে নেমে পরীক্ষাকেন্দ্রে হেঁটে আসবেন। পরবর্তীতে পরীক্ষা শেষে ফেরার সময়ও কেন্দ্র থেকে হেঁটে গিয়ে নিকটবর্তী ও কম ব্যস্ত কোনো স্থান থেকে গাড়িতে উঠবেন।
আরও পড়ুন <<>> ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ
৩) কোনো যানবাহন কোনোভাবেই পরীক্ষাকেন্দ্রের নিকটবর্তী সড়কে পার্কিং করে রাখা যাবে না। (পার্কিং করলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)।
৪) অভিভাবকদের পরীক্ষাকেন্দ্রের আশপাশের সড়কে অবস্থান না করার জন্য অনুরোধ করা যাচ্ছে। (অভিভাবকদের সড়কে অবস্থান করে যান চলাচল বিঘ্ন করা সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী অর্থদণ্ডযোগ্য অপরাধ)।
৫) পরীক্ষার্থীদের কেন্দ্রে আসা-যাওয়ার সুবিধার্থে পরীক্ষা শুরুর আড়াই ঘণ্টা আগে পরীক্ষার্থী ব্যতীত অন্য সব যাত্রী জরুরি প্রয়োজন ছাড়া পরীক্ষাকেন্দ্র সংলগ্ন সড়কগুলো যথাসম্ভব পরিহার করে চলবেন।
৬) ইতোমধ্যে পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত অন্যদের অবস্থান নিষিদ্ধ করা হয়েছে বিধায় পরীক্ষাকেন্দ্রের আশপাশে অবস্থান করবেন না।
এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের কেন্দ্রে যাতায়াত নির্বিঘ্ন করাসহ মহানগরীর সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে এসব বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































