Apan Desh | আপন দেশ

৫ বিভাগে বাড়ছে গরমের দাপট

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:২৩, ৩ এপ্রিল ২০২৬

৫ বিভাগে বাড়ছে গরমের দাপট

ছবি : আপন দেশ

প্রায় সারা দেশে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। বিশেষ করে রাজশাহী ও খুলনা বিভাগে সূর্যের দাপট সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। তবে এ তাপপ্রবাহের পরিধি আরও বিস্তারের আভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

শুক্রবার (০৩ এপ্রিল) থেকে ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে গরমের তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বিডব্লিউওটি জানায়, শুক্রবার থেকে তাপপ্রবাহের পরিধি আরও বিস্তারের আভাস রয়েছে। খুলনা ও রাজশাহী বিভাগের পাশাপাশি ঢাকা, বরিশাল ও রংপুর বিভাগের কিছু কিছু জেলা এবং দেশের অন্যত্র দু-এক জায়গায় নতুন করে তাপপ্রবাহ সক্রিয় হতে পারে।

শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রার পারদ উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, খুলনা, সাতক্ষীরা, পাবনা, গোপালগঞ্জ ও নড়াইলের তাপমাত্রা ৩৭ ডিগ্রি থেকে ৩৯ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এ ছাড়া নাটোর, নওগাঁ, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুরের তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে।

সংস্থাটি জানায়, দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রোদে সরাসরি অবস্থান না করাই ভালো। এই সময়ে হিটস্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। তীব্র গরমের এ সময়ে নাগরিকদের ছায়াযুক্ত স্থানে থাকা এবং প্রচুর পানি ও তরল খাবার গ্রহণেরও পরামর্শ দিয়েছে বিডব্লিউওটি।

আরও পড়ুন : অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্যমতে, চলমান এই তাপপ্রবাহ আগামী ৬ এপ্রিল পর্যন্ত সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যে দেশের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে। যা সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে সাময়িক স্বস্তি বয়ে আনতে পারে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়