Apan Desh | আপন দেশ

সরকারি চাকরিতে শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:১৩, ১ এপ্রিল ২০২৬

সরকারি চাকরিতে শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজার

মো. আব্দুল বারী। ছবি: সংগৃহীত

দেশের সরকারি প্রশাসনে বিপুলসংখ্যক পদ এখনও শূন্য রয়েছে। সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীর মোট ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ ফাঁকা রয়েছে বলে জানিয়েছেন মো. আব্দুল বারী।

বুধবার (০১ এপ্রিল) জাতীয় সংসদে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।

মো. আব্দুল বারী জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদকৃত তথ্যের ভিত্তিতে প্রকাশিত ‘স্ট্যাটিসটিক্স অফ পাবলিক সার্ভেন্ট ২০২৪’ অনুযায়ী বর্তমানে দেশে মোট ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। তবে এর পাশাপাশি বিপুলসংখ্যক পদ এখনও শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমে চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

শ্রেণিভিত্তিক হিসাবে দেখা যায়, প্রথম শ্রেণির কর্মকর্তা-কর্মচারীর মধ্যে বর্তমানে কর্মরত আছেন ১ লাখ ৯০ হাজার ৭৭৩ জন। এ শ্রেণিতে শূন্য পদের সংখ্যা ৬৮ হাজার ৮৮৪টি। দ্বিতীয় শ্রেণিতে কর্মরত রয়েছেন ২ লাখ ৩৩ হাজার ৭২৬ জন, আর শূন্য রয়েছে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি পদ।

আরও পড়ুন <<>> ইশতেহার বাস্তবায়নের কর্মপরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

তৃতীয় শ্রেণির ক্ষেত্রে কর্মরত কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ৬ লাখ ১৩ হাজার ৮৩৫ জন হলেও এখানে শূন্যপদের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি। একইভাবে চতুর্থ শ্রেণিতে কর্মরত রয়েছেন ৪ লাখ ৪ হাজার ৫৭৭ জন, যেখানে শূন্য রয়েছে আরও ১ লাখ ১৫ হাজার ২৩৫টি পদ।

এছাড়া অন্যান্য বিভিন্ন পদে কর্মরত কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ৭ হাজার ৯৮০ জন এবং এসব ক্যাটাগরিতে শূন্যপদের সংখ্যা ৮ হাজার ১৩৬টি।

সরকারি জনবল কাঠামোর এ চিত্র থেকে স্পষ্ট, বিভিন্ন স্তরে উল্লেখযোগ্য সংখ্যক পদ দীর্ঘদিন ধরে খালি থাকায় জনসেবা কার্যক্রমে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির পদে শূন্যতার হার তুলনামূলক বেশি হওয়ায় মাঠপর্যায়ের প্রশাসনিক কার্যক্রমে চাপ বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়