Apan Desh | আপন দেশ

আইসিটি খাতে ১০ লাখ কর্মসংস্থানের হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:২২, ১৬ মার্চ ২০২৬

আইসিটি খাতে ১০ লাখ কর্মসংস্থানের হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

ফকির মাহবুব আনাম। ছবি: সংগৃহীত

ভোটের কালি না শুকাতেই নতুন সরকার উন্নয়নমূলক নানা উদ্যোগ এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, দেশের তথ্যপ্রযুক্তি খাতকে আরও শক্তিশালী করতে সরকার বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে এবং এ খাতে প্রায় ১০ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে গাজীপুর নগরের ৩৯ নম্বর ওয়ার্ডের নিমতলী বালুর মাঠে গাছা খালের পুনঃখনন ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রায় ৮ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

ফকির মাহবুব আনাম বলেন, নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম ১৮০ দিনের মধ্যে এক হাজার কিলোমিটার খাল খনন করা হবে। পর্যায়ক্রমে পাঁচ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে সরকারের। পরিবেশ সুরক্ষার জন্য প্রতিটি খালের পাড়ে তালগাছ রোপণ করা হবে বলেও জানান তিনি।

গাজীপুর সিটি করপোরেশন এলাকায় জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশ রক্ষার লক্ষ্যে শুরু হয়েছে গাছা খাল উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাজ। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার পাশাপাশি দুই পাড়ে গড়ে তোলা হবে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে সাড়ে ১২ কিলোমিটার দীর্ঘ এ খাল পুনরুদ্ধারের জন্য ৮ কোটি ৪৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। প্রকল্পের আওতায় খালের ৫ কিলোমিটার অংশ পুনঃখনন এবং প্রায় সাড়ে ৯ কিলোমিটার এলাকা থেকে বর্জ্য অপসারণ করা হবে। পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালের দুই পাড়ে আধুনিক ওয়াকওয়ে, বসার বেঞ্চ স্থাপন এবং ব্যাপক বনায়নের উদ্যোগ নেয়া হবে।

আরও পড়ুন <<>> র‍্যাব বিলুপ্তির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি এবং সিটি করপোরেশনের প্রশাসকসহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে বাস্তবায়িত এই প্রকল্পটি ২০২৭ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। স্থানীয়দের আশা, কাজ শেষ হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে এবং এলাকাটি একটি আকর্ষণীয় বিনোদনকেন্দ্রে পরিণত হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়