Apan Desh | আপন দেশ

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিবিদ্ধ কনটেন্ট ক্রিয়েটর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:১৮, ১৫ মার্চ ২০২৬

আপডেট: ২৩:৫০, ১৫ মার্চ ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিবিদ্ধ কনটেন্ট ক্রিয়েটর

ছবি: আপন দেশ

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন রাকিব (২৭) নামে এক তরুণ কনটেন্ট ক্রিয়েটর। রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় রাকিব তার কয়েকজন বন্ধুর সঙ্গে শহীদ মিনারের পাশের একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এসময় এক যুবক তাকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর গুলির শব্দ শুনে বন্ধুরা ঘটনাস্থলে ছুটে গেলে রাকিবকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

রাকিবকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু জিএম ইশান বলেন, গুলির শব্দ শুনে তারা এগিয়ে গিয়ে দেখেন রাকিব মাটিতে লুটিয়ে আছেন। পরে আশপাশের লোকজনের সহায়তায় তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়।

আহতের আরেক বন্ধু মো. রনি জানান, রাকিবের মাথায় গুলির আঘাতের পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত লোকজন দৌড়ে গিয়ে সন্দেহভাজন এক যুবককে ধরে ফেলে এবং পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে বর্তমানে শাহবাগ থানায় রাখা হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।

আরও পড়ুন<<>> পাঁচ জেলায় নতুন ডিসি

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিঠু ফকির বলেন, রাকিব নামে এক তরুণকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার ঘটনা ঘটেছে। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, আহত রাকিব একজন ভিডিও কনটেন্ট ক্রিয়েটর এবং শেখ বোরহান উদ্দিন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি পুরান ঢাকার নিমতলি এলাকায়। তার বাবার নাম তারিকুল ইসলাম খোকন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়