প্রধানমন্ত্রী তারেক রহমান
ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ জনগণের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। অথচ সবাই সচেতন হলে এর প্রাদুর্ভাব থেকে নিজেদের রক্ষা করা সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ বিষয়ে আগামী ১৪ মার্চ থেকে সারাদেশে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান। ডেঙ্গু বা চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে দেশবাসীকে আহবান জানান তিনি।
বুধবার (১১ মার্চ) দেশবাসীর উদ্দেশে বিশেষ ভিডিও-বার্তায় তিনি আহবান জানান।
বিশেষজ্ঞদের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলছেন, এডিস মশার কামড় থেকে মানুষ ডেঙ্গু কিংবা চিকনগুনিয়ায় আক্রান্ত হয়। তাই ডেঙ্গু থেকে রক্ষা পেতে আগে থেকেই সব প্রতিকারমূলক পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
বর্ষা মৌসুম অর্থাৎ জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত এ সময়টিতে সাধারণত ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি থাকে। জনস্বাস্থ্যবিদরা বলছেন, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হওয়ার বিষয়টি নির্দিষ্ট কোনও মৌসুমে সীমাবদ্ধ নেই। যেকোনও সময়ই মানুষের ডেঙ্গু আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে।
আরও পড়ুন<<>>রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী
তিনি বলেন, বর্ষাকালে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্মায়। তিন দিন পানি জমে থাকলেই সেখানে মশা জন্মাতে পারে। কীটতত্ত্ববিদ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মশার প্রজনন নিয়ন্ত্রণের জন্য ড্রেন, ডোবা, নর্দমার মতো যেসব জায়গায় পঁচা পানি জমে থাকার সুযোগ রয়েছে, সেগুলো পরিষ্কার করে রাখাই সবচেয়ে কার্যকর উপায়। এক্ষেত্রে ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যাক্ত টায়ার, ডোবা, বাড়ি বা বাসার ছাদে পানি জমতে দেবেন না। পানির ট্যাংক ঢেকে রাখা জরুরি। প্রতিসপ্তাহে কমপক্ষে একবার বাড়ি বা বাসার ভেতর আঙ্গিনা পরিষ্কার রাখুন।
তারেক রহমান বলেন, আমাদের মনে রাখা প্রয়োজন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সবচেয়ে কার্যকর উপায়। এরই পরিপ্রেক্ষিতে আসন্ন বর্ষা মৌসুমের আগে থেকেই সরকার ১৪ মার্চ থেকে প্রতি সপ্তাহে সারাদেশে পরচ্ছিন্নতা অভিযান শুরু করতে যাচ্ছে। এ পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় প্রশাসন কার্যকরী উদ্যোগ গ্রহণ করছে। এর পাশাপাশি প্রতিটি এলাকার জাতীয় সংসদ সদস্যগণসহ সর্বস্তরের জন প্রতিনিধিগণের প্রতি আমার আহবান, জনগণকে সঙ্গে নিয়ে প্রতি সপ্তাহের শনিবার আপনারা যার যার এলাকার নিজ নিজ বসতবাড়ি এবং আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করুন।
প্রধানমন্ত্রী বলেন, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চললে, আসন্ন দিনে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ার মতো মরণঘাতী জ্বর থেকে জনগণ নিজেদেরকে রক্ষা করতে সমর্থ হবে। আমাদের সরকারের জাতীয় স্বাস্থ্যনীতির মূল নীতি হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। কোথাও ময়লা পানি জমে থাকতে দেবেন না।
তিনি বলেন, নিজের বাসা-বাড়ি এবং আশপাশ পরিচ্ছন্ন রাখুন। এডিস কিংবা চিকুনগুনিয়া থেকে নিজেকে ও অপরকে রক্ষা করুন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































