ফাইল ছবি
পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে যুক্তরাজ্য ও মেক্সিকোসহ পাঁচটি গুরুত্বপূর্ণ দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার (০৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কূটনীতিকদের অবিলম্বে ঢাকার সদর দফতরে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।
প্রত্যাহার হওয়া কূটনীতিকদের মধ্যে রয়েছেন আবিদা ইসলাম, যিনি যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এছাড়া প্রত্যাহার করা হয়েছে মেক্সিকোসহ বিভিন্ন দেশে দায়িত্বে থাকা রাষ্ট্রদূত ড. এম. মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম, এম মুশফিকুল ফজল আনসারী এবং ড. মো. নাজমুল ইসলাম-কে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। সংশ্লিষ্ট কূটনীতিকদের দ্রুত বর্তমান কর্মস্থল ত্যাগ করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট করতে বলা হয়েছে।
আরও পড়ুন <<>> ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নির্ধারণ
এর আগে শনিবার (০৭ মার্চ) লন্ডনে অবস্থানকালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, সেখানে দায়িত্ব পালনরত হাইকমিশনার আবিদা ইসলামকে দেশে ফিরিয়ে নেয়া হচ্ছে। তিনি বিষয়টিকে ‘একটি সুখবর’ বলেও উল্লেখ করেন।
কূটনৈতিক মহলে এ আকস্মিক রদবদল নিয়ে আলোচনা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, সরকারের পররাষ্ট্রনীতিতে নতুন গতি আনতে এবং বিভিন্ন কূটনৈতিক মিশনে পরিবর্তনের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































