Apan Desh | আপন দেশ

ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস আজ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৫৩, ২ মার্চ ২০২৬

ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস আজ

ফাইল ছবি

আজ ০২ মার্চ, শনিবার ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস। ১৯৭১ সালের এ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলাভবনে প্রথম জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন-সূর্য উদিত হয়। 

তৎকালীন ডাকসুর সহসভাপতি আ স ম আবদুর রব সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন। পরদিন ৩ মার্চ বঙ্গবন্ধুর উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন ছাত্রনেতা শাজাহান সিরাজ।

সেদিনকার সে পতাকা উত্তোলনের মধ্য দিয়েই স্বাধীন বাংলাদেশের মুক্তির বীজ বপন হয়। সেদিন কলাভবনের বটতলায় ছিল পূর্বঘোষিত সমাবেশ। কিন্তু বটতলায় পতাকা ওড়ালে সবাই দেখবে না বলে কলাভবনের দক্ষিণ-পশ্চিমের গাড়িবারান্দার ছাদ থেকে সেটি উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছিলেন তৎকালীন ছাত্র-সংগ্রাম পরিষদের নেতারা। বেলা ১১টায় বক্তব্য দিচ্ছিলেন ডাকসুর ভিপি আবদুর রব। এমন সময় ছাত্রলীগের নেতা শেখ জাহিদ হোসেন একটি বাঁশের মাথায় পতাকা বেঁধে মঞ্চে এলেন। তার থেকে পতাকা নিয়ে ছাত্র-সংগ্রাম নেতাদের পক্ষ থেকে স্বাধীন বাংলাদেশের পতাকা তুলে ধরেন আবদুর রব। পতাকাটি ছিল সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝখানে সোনালি মানচিত্রখচিত পতাকা।

আরও পড়ুন<<>>শুরু হলো অগ্নিঝরা মার্চ 

সেদিন দুপুরে ও রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সচিবালয়ে পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা ওড়ানো হয়েছিল। পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ, অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে তৎকালীন ডাকসু নেতাদের উদ্যোগে সাড়া দিয়েছিলেন আমজনতা। প্রকৃতপক্ষে সেদিনের পতাকা উত্তোলনের মধ্য দিয়েই বাঙালি ছাত্র-জনতা স্বাধীনতা সংগ্রামে উজ্জীবিত হয় এবং স্বাধীনতা অর্জনের পথে যাত্রা করে। সেখান থেকেই স্বাধীনতার ইশতাহার পাঠের কথা উঠেছিল।

জাতীয় পতাকা উত্তোলন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের গৌরবের ইতিহাস স্মরণে আলোকচিত্র প্রদর্শনী করেছে ‘বাংলা রেকর্ডস’ নামের একটি প্ল্যাটফর্ম। রোববার (০১ মার্চ) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ‘পতাকায় বিল্পব ও গৌরব’ শিরোনামে এ আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক মাহবুব জামান, অধ্যাপক কাজী মোস্তাক গাউসুল হক ও অনুষ্ঠানটির সভাপতি জাফর রাজা চৌধুরী উপস্থিত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে আলোচনা সভা হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়