ফাইল ছবি, আপন দেশ
পারস্পরিক আস্থা ও স্বার্থ নিশ্চিত করেই এগোবে বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক। জনগণের স্বার্থের বিরুদ্ধে ঢাকা-দিল্লি সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেবে না সরকার। দু’দের সম্পর্কের বিষয়ে এমন কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
এককভাবে কোনো দেশের প্রতি বিএনপি সরকারের নির্ভরতা বা দুর্বলতা নেই দাবি করে শামা ওবায়েদ জানান, সংসদে আলোচনা ছাড়া বিদেশিদের সঙ্গে চুক্তি হবে না। আইনশৃঙ্খলা স্বাভাবিক করে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরানো হবে বড় চ্যালেঞ্জ।
নয়া সরকারের পররাষ্ট্রমন্ত্রী নিয়োগের পর অনেকেরই প্রশ্ন, বিশেষ কোনো দেশের প্রতি কি ঝুকে পড়লো নতুন সরকার? এ বিষয়ে শামা ওবায়েদের বলেন, কোনো বিশেষ দেশের প্রতি আমরা ঝুঁকছি না। মানুষের স্বার্থ রক্ষা করে আমরা সব দেশের সঙ্গে টার্মস অ্যান্ড কন্ডিশনে কথা বলবো। সবার আগে বাংলাদেশ—এ কনসেপ্ট মাথায় রেখে আমরা আমাদের অর্থনীতি, সমাজনীতি সবকিছু আমরা সাজাবো।
আরও পড়ুন<<>>সংসদ হবে আলোচনার কেন্দ্রবিন্দু: স্বরাষ্ট্রমন্ত্রী
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দু'দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, তার আগে জাপান ও চীনের সঙ্গেও বাণিজ্য চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার। এসব চুক্তির ভবিষ্যৎ কী কিংবা কীভাবে চূড়ান্ত হবে এ বিষয়ে শামা ওবায়েদ বললেন, আমরা সংসদকে কার্যকর করতে চাই, আমরা চাই সংসদ হবে সকল সিদ্ধান্ত নেয়ার জায়গা, সংসদে সবকিছু আলোচনা হবে, সেটিই ন্যাচারাল।
নানা ইস্যুতে চরম টানাপোড়েনে থাকা ঢাকা-দিল্লি সম্পর্কের গতিপথ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাষ্য, দেশের একটি মানুষেরও স্বার্থ বিঘ্নিত হয়, এমন কোনো কাজ বিএনপি সরকার করবে না। কোনো দেশের সঙ্গে সে টার্মসে যাবে না। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে সমতার ভিত্তিতে, পারস্পরিক বোঝাপড়া ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে এবং সে বিষয়ে আমরা বেশ পরিষ্কার।
বিদেশি বিনিয়োগকারীদের উদ্বেগের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এ সরকারের প্রধান কাজই হচ্ছে বিনিয়োগকারীদেরকে আস্থায় নিয়ে আসা। তারা বিনিয়োগ করবে, সে পরিবেশ বাংলাদেশে থাকতে হবে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক থাকতে হবে। আমলাতান্ত্রিক ঝামেলা, কোনো দুর্নীতি ছাড়া তারা তাদের কাজগুলো এখানে বাস্তবায়ন করতে পারবে।
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান সহজ নয় জানিয়ে শামা ওবায়েদ জানান, এ নিয়ে কর্মপরিকল্পনা চূড়ান্ত করবে তার সরকার।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































